দেশের অর্থনীতিতে সম্প্রসারণের ধারা আরও কিছুটা জোরালো হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৬-এ, যা আগের মাসের তুলনায় ১ দশমিক ১ পয়েন্ট বেশি।
মূলত কৃষি খাতের ইতিবাচক প্রবৃদ্ধিই এই অগ্রগতির বড় ভিত্তি হিসেবে কাজ করেছে। একই সঙ্গে শিল্প খাতও আবার সম্প্রসারণে ফিরেছে। তবে সেবা খাতে প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে। অন্যদিকে নির্মাণ খাতের সংকোচন আরও গভীর হয়েছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রকাশিত এপ্রিলের পিএমআই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত এ প্রতিবেদনে দেশের চারটি প্রধান খাতের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।
পিএমআই সূচক ১০০ নম্বরের ভিত্তিতে নির্ধারণ করা হয়। কোনো খাতের স্কোর ৫০-এর ওপরে থাকলে তা সম্প্রসারণ নির্দেশ করে। ৫০-এর নিচে থাকলে সংকোচন বোঝায়। আর ঠিক ৫০ হলে ধরে নেওয়া হয়, ওই খাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, কৃষি খাত টানা আট মাস ধরে সম্প্রসারণে রয়েছে। শুধু তাই নয়, এ খাতের সম্প্রসারণের গতি আগের তুলনায় আরও বেড়েছে। অন্যদিকে শিল্প খাত মার্চ মাসের সংকোচন কাটিয়ে এপ্রিলেই আবার ইতিবাচক ধারায় ফিরেছে।
তবে নির্মাণ খাতের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা তৃতীয় মাসের মতো এ খাত সংকোচনের মধ্যে রয়েছে এবং সংকোচনের মাত্রাও আগের চেয়ে বেড়েছে।
সেবা খাতেও সম্প্রসারণ অব্যাহত রয়েছে। টানা ১৯ মাস ধরে এ খাত ইতিবাচক অবস্থানে থাকলেও এপ্রিল মাসে প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর হয়েছে।
ভবিষ্যৎ ব্যবসায়িক সূচকের তথ্য বলছে, কৃষি, শিল্প, নির্মাণ ও সেবাসহ অর্থনীতির প্রধান খাতগুলোতে আগামী মাসগুলোতে আরও দ্রুত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এতে ব্যবসায়ীদের আস্থার ধারাবাহিকতা বজায় থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

