ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম আরও গতিশীল করতে এবং নাগরিক সেবা দ্রুততর করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নির্দেশনায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। এতে আবেদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমবে বলে মনে করছে মন্ত্রণালয়। এছাড়া কোনো আবেদন অনুমোদনের যোগ্য না হলে তা বাতিলের ক্ষেত্রে স্পষ্ট কারণ উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নাগরিকরা সহজেই সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে পারেন।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে— যেমন করের পরিমাণ নির্ধারণ, বকেয়া সন বা জমির ব্যবহারভিত্তিক শ্রেণি নিয়ে কোনো আপত্তি দাখিল হলে তা সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয় দেশের সব সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে পাঠানো চিঠির মাধ্যমে এসব নির্দেশনা কার্যকর করার কথা জানায়। এর মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।

