রাজস্ব কাঠামো সংস্কারের দাবিতে আসন্ন বাজেটকে ঘিরে সরকারের কাছে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)। সংগঠনটির মতে, করপোরেট করহার ও মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো গেলে দেশে বিনিয়োগ বাড়বে এবং শিল্প খাত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
আজ রোববার (১০ মে) রাজধানীর অ্যাসকট দি রেসিডেন্স ঢাকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবিসিসিআই সভাপতি তারেক রফি ভূঁইয়া। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মারিয়া হাওলাদার, সাবেক সভাপতি মতিউর রহমান, সুগাওয়ারা মানাবু, আসিফ এ চৌধুরীসহ অন্য নেতারা।
সংগঠনটি প্রস্তাবে করপোরেট করহার বর্তমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার সুপারিশ করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে করহার আরও বিনিয়োগবান্ধব করা জরুরি। একই সঙ্গে মূল্য সংযোজন কর কাঠামো সহজ করার ওপর জোর দিয়ে জেবিসিসিআই ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়। সংগঠনটির মতে, বর্তমানে বহুমাত্রিক কর ব্যবস্থা ব্যবসায়িক কার্যক্রমে জটিলতা তৈরি করছে, যা উৎপাদন ও বাণিজ্য ব্যয় বাড়াচ্ছে।
এছাড়া কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করতে উৎসে কর কাঠামো যৌক্তিক করার আহ্বান জানানো হয়। পাশাপাশি লোকসানে থাকা প্রতিষ্ঠানের ওপর ন্যূনতম কর প্রত্যাহার এবং কর ফেরত প্রক্রিয়া দ্রুত ও স্বয়ংক্রিয় করার প্রস্তাবও দেওয়া হয়েছে। জেবিসিসিআই আরও বলেছে, শিল্প খাতের সক্ষমতা বাড়াতে কাঁচামাল, নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম, স্বাস্থ্যসেবা ও মোটরযান খাতে শুল্ক ও কর কমানো প্রয়োজন। তাদের মতে, এতে উৎপাদন খরচ কমবে এবং বিনিয়োগের গতি বাড়বে।
সংগঠনটি মনে করে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে এখনই কর কাঠামো সংস্কার জরুরি। এতে টেকসই প্রবৃদ্ধি ও নতুন বিনিয়োগ আকর্ষণ সহজ হবে।

