রাজনীতিতে গণতন্ত্র থাকলেই যথেষ্ট নয়, অর্থনীতিতেও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার অর্থনীতিকে আরও অংশগ্রহণমূলক ও উন্মুক্ত করার দিকে গুরুত্ব দিচ্ছে।
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ এবং বিশ্বব্যাংক-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আমির খসরু বলেন, যারা এখনো মূলধারার অর্থনীতির বাইরে আছেন, তাদের সেখানে যুক্ত করাই সরকারের লক্ষ্য। তাঁর মতে, নাগরিক হিসেবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সবার অধিকার। তিনি আরও বলেন, “শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে।”
অতীতের অর্থনৈতিক কাঠামোর সমালোচনা করে তিনি দাবি করেন, আগে একটি প্রভাবশালী ধনী গোষ্ঠী বা অলিগার্ক শ্রেণি অর্থনীতির সুবিধা ভোগ করত, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সীমিত। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করছে বলেও তিনি জানান।
নারীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, পরিবার পরিচালনায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সঞ্চয়ের ক্ষেত্রেও তারা দক্ষ। এই বাস্তবতা বিবেচনায় সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের কিছুটা আর্থিক সহায়তা দিচ্ছে। এতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় পর্যায়ে অর্থের প্রবাহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে কৃষক কার্ডও দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি।

