এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর আমদানি বিল পরিশোধের পর আবারও কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সর্বশেষ হিসাবে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার (১০ মে) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। এর আগে গত ৭ এপ্রিল এই রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। এক মাসের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে।
বাংলাদেশসহ দক্ষিণ ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের মধ্যে আমদানি-রপ্তানি লেনদেন সহজ করতে গঠিত আঞ্চলিক প্ল্যাটফর্ম হলো এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু। এই ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর মধ্যে প্রতি দুই মাস পরপর আমদানির বিল নিষ্পত্তি করা হয়।
বর্তমানে এই ব্যবস্থায় বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা যুক্ত রয়েছে। সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো বহুপাক্ষিক এই লেনদেন কাঠামোর মাধ্যমে আমদানি দায় পরিশোধ করে থাকে।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেলে আমদানি ব্যয় মেটানো, মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈদেশিক ঋণ পরিশোধে চাপ বাড়তে পারে। তবে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়লে রিজার্ভ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

