দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাওয়ার মধ্যেই বাজার থেকে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে এই ডলার কেনা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা। সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং রিজার্ভ ব্যবস্থাপনায় ভারসাম্য আনতেই কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় চাপ তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
মাত্র এক মাস আগেও রিজার্ভ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। গত ৭ এপ্রিলের তুলনায় এখন রিজার্ভ কমেছে প্রায় দেড় বিলিয়ন ডলার। ফলে ডলার বাজার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অর্থনৈতিক অঙ্গনে।

