২০২৫ সালজুড়ে এবং চলতি বছরের শুরুতে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তকে অনেকেই বিচক্ষণ পদক্ষেপ হিসেবে দেখছেন। প্রবৃদ্ধির গতি ধীর হয়ে এলেও যখন মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী, তখন মার্কিন ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অব ইংল্যান্ডের মতো প্রতিষ্ঠানগুলো অপেক্ষা ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের নীতি অনুসরণ করছে। মন্দার দীর্ঘস্থায়ী আশঙ্কাই মূলত তাদের এ অবস্থানকে দৃঢ় করেছে।
তবে এ অবস্থান নতুন এক প্রশ্নও সামনে এনেছে—কেন্দ্রীয় ব্যাংকগুলো আর কতদিন সুদহার বাড়ানো থেকে বিরত থাকতে পারবে? কিন্তু বাস্তবে মূল প্রশ্নটি এটি নয়। আসল বিষয় হলো, বর্তমান পরিস্থিতিতে উচ্চ সুদহার নীতিকে কার্যকর সমাধান হিসেবে কতদিন ধরে রাখা যাবে।
উন্নত অর্থনীতিগুলোতে যে মূল্যস্ফীতির চাপ দেখা যাচ্ছে, তা মূলত অতিরিক্ত ভোগ বা শ্রমবাজারের অতিরিক্ত চাহিদা থেকে তৈরি হয়নি। বরং এর পেছনে রয়েছে উচ্চ জ্বালানি মূল্য, ভূরাজনৈতিক সংঘাত, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভঙ্গুর সরবরাহ ব্যবস্থা এবং বড় করপোরেট প্রতিষ্ঠানের দামের ওপর নিয়ন্ত্রণক্ষমতা। এই পরিস্থিতিতে সুদহার বাড়ানো মূল সমস্যার সমাধান করতে পারছে না। কারণ সমস্যার উৎস ঋণ বা ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি নয়। ফলে সুদহার বৃদ্ধি কেবল সীমিত প্রভাবই ফেলছে।
সম্প্রতি পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জ্বালানি বাজারে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। এটি শুধু একটি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং বৈশ্বিক জ্বালানি রাজনীতির পরিবর্তনশীল কাঠামোর প্রতিফলন।
ওপেকের দীর্ঘদিনের নিয়ন্ত্রণ মূলত সদস্য দেশগুলোর সমন্বয়ের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ একটি উৎপাদনকারী দেশের বেরিয়ে যাওয়া বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাকে দুর্বল করেছে। এতে জ্বালানি বাজারে অনিশ্চয়তা ও বিভাজন আরও বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো এক জটিল অবস্থার মধ্যে রয়েছে। সুদহার দীর্ঘ সময় ধরে স্থির রাখলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ বাড়ে। আবার দ্রুত সুদহার বাড়ালে অর্থনৈতিক মন্দা, ঋণের চাপ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়।
ফলে নীতিনির্ধারকেরা এখন আর স্বাধীনভাবে সহজ সিদ্ধান্ত নিতে পারছেন না। আর্থিক বাজারের চাপ, দুর্বল রাজস্ব পরিস্থিতি এবং রাজনৈতিক উদ্বেগ—সব মিলিয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ সীমিত হয়ে পড়েছে। এদিকে বাজারে সুদহার বৃদ্ধির প্রত্যাশাও বাড়ছে। তবে তা মূলত সমস্যার সমাধানের বিশ্বাস থেকে নয়, বরং কেন্দ্রীয় ব্যাংকগুলো বাধ্য হয়ে পদক্ষেপ নেবে—এমন ধারণা থেকে তৈরি হচ্ছে।
উচ্চ সুদহার বাস্তবে একটি চাপ সৃষ্টিকারী ব্যবস্থা হিসেবে কাজ করে। এটি ঋণগ্রহীতাদের ওপর বোঝা বাড়ায়, কিন্তু সম্পদধারীদের সুবিধা দেয়। একই সঙ্গে শ্রমজীবী মানুষ, ঋণগ্রস্ত পরিবার এবং উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে। মূল্যস্ফীতি যদি জ্বালানি সংকট, ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা থেকে আসে, তাহলে একে শুধু শ্রমবাজারের সমস্যা হিসেবে দেখা একটি রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থনৈতিক বাধ্যবাধকতা নয়। এ অবস্থায় উচ্চ সুদহার খাদ্য বা জ্বালানির দাম কমাতে পারে না। বরং এটি কর্মসংস্থান কমায়, ঋণের চাপ বাড়ায় এবং দারিদ্র্যকে দীর্ঘস্থায়ী করে।
ক্রমাগত মূল্যস্ফীতি সমাজে ক্লান্তি তৈরি করছে। খাদ্য, স্বাস্থ্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে। দীর্ঘ সময় ধরে এ পরিস্থিতি চললে তা শুধু অর্থনৈতিক সমস্যা থাকে না, বরং সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি তৈরি করে। বর্তমান বাস্তবতা বলছে, মূল্যস্ফীতি যখন জলবায়ু বিপর্যয়, যুদ্ধ ও সম্পদ নিয়ন্ত্রণের মতো বড় কাঠামোগত সমস্যার সঙ্গে যুক্ত, তখন শুধু সুদহার নীতি দিয়ে সমাধান পাওয়া কঠিন।
সুদহার বাড়িয়ে চাহিদা নিয়ন্ত্রণ করা গেলেও উৎপাদন বা সরবরাহ ব্যবস্থা ঠিক করা যায় না। জ্বালানি উৎপাদন বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল পুনর্গঠন বা করপোরেট মূল্য নিয়ন্ত্রণ—কোনোটিই সুদহারের মাধ্যমে সম্ভব নয়। যতক্ষণ না জ্বালানি নীতি, সরকারি বিনিয়োগ, শিল্প কৌশল এবং সক্রিয় রাজস্ব পদক্ষেপ একসঙ্গে কার্যকর হচ্ছে, ততক্ষণ সুদহার নীতি কেবল ওঠানামা করতেই থাকবে। কিন্তু মূল সমস্যার সমাধান হবে না।
এ কারণে সুদহার নীতি অনেক ক্ষেত্রে প্রতীকী পদক্ষেপে পরিণত হচ্ছে। এটি সমস্যার গভীরে না গিয়ে কেবল সাময়িক নিয়ন্ত্রণের বার্তা দিচ্ছে। মূল প্রশ্ন এখন আর সুদহার কত বাড়বে বা কমবে তা নয়। বরং প্রশ্ন হলো, মূল্যস্ফীতিকে আমরা কীভাবে ব্যাখ্যা করছি—এবং সেই ব্যাখ্যার ওপর ভিত্তি করে নেওয়া নীতিগুলো কতটা বাস্তবসম্মত।

