আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রস্তাব অনুযায়ী দেশের সব পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ হারে একক মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হলে বাংলাদেশে নতুন করে প্রায় ১ কোটি ৬৫ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তাঁর মতে, মানুষের ক্রয়ক্ষমতা ও দেশের সামাজিক বাস্তবতা বিবেচনায় রেখেই আগামী অর্থবছরের রাজস্ব ও ভ্যাটনীতি প্রণয়ন করা হবে। ফলে আইএমএফের সুপারিশগুলো সরাসরি অনুসরণ করা হবে না।
গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা, অগ্রাধিকার ও উত্তরণের পথ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ।
রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, আসন্ন বাজেটে করের হার বাড়ানোর পরিবর্তে করদাতার সংখ্যা বৃদ্ধির দিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা ব্যবস্থা চালু এবং রাজস্ব প্রশাসনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে করদাতাদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হবে। ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে করনীতিতে অন্তত পাঁচ বছরের স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, উদ্যোক্তারা নীতিগত ধারাবাহিকতা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সহজ অর্থায়ন, সমান সুযোগ এবং প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা প্রত্যাশা করেন। আগামী বাজেটে এসব বিষয় প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশে নতুন শিল্পনীতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমদানিনির্ভরতা কমিয়ে ইলেকট্রিক বাস, রেলওয়ের লোকোমোটিভসহ বিভিন্ন খাতে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ বাড়তি অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের জন্য ঋণ পরিশোধে স্থগিত সুবিধা অথবা বিশেষ আর্থিক সহায়তার বিষয় বিবেচনা করা।
গোলটেবিল আলোচনায় ব্যাংক খাতের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংক একীভূতকরণ নিয়ে বিতর্ক এবং আর্থিক খাতে বিভিন্ন ধরনের নেতিবাচক বার্তা জনগণের আস্থাকে দুর্বল করেছে। তাঁর মতে, দেশের ৫৭টি ব্যাংকের মধ্যে খুব অল্পসংখ্যক ব্যাংককে প্রকৃত অর্থে সুস্থ বলা যায়।
তিনি আরও বলেন, সরকারের উচ্চমাত্রার ঋণ গ্রহণের কারণে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত হচ্ছে। অন্যদিকে আস্থাহীনতার কারণে ৩ লাখ কোটি টাকার বেশি অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে গেছে, যা তারল্য সংকটকে আরও তীব্র করেছে।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেন, দীর্ঘদিন ধরে গোষ্ঠীস্বার্থনির্ভর অর্থনৈতিক কাঠামোর ফলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে একজন উদ্যোক্তাকে ব্যবসা শুরু করতে ১৯ ধরনের লাইসেন্স সংগ্রহ করতে হয়, যা বিনিয়োগের পথে বড় বাধা হিসেবে কাজ করছে।
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, করের আওতা বৃদ্ধির কথা প্রতি বছর বলা হলেও বাস্তবে একই করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়। তিনি দীর্ঘমেয়াদি কর পরিকল্পনা এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
দ্য বাংলাদেশ ডায়ালগের সভাপতি রোবায়েত মান্নান রাফির সভাপতিত্বে এবং পরিচালক এস এম সাইফ কাদের রুবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল, ব্যবসায়ী সায়েমা শওকত, রাজনৈতিক অর্থনীতিবিদ শফিকুর রহমান এবং জিয়া হাসান।

