বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়া এবং জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে বড় অঙ্কের ঋণ সহায়তা দিচ্ছে জাপান। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৫০ বিলিয়ন জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শীর্ষক এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তিপত্রে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। জাইকার পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।
একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি নোট বিনিময় চুক্তিও স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি স্বাক্ষর করেন।
ইআরডির তথ্য অনুযায়ী, এই ঋণের অর্থ দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে। জাপান সরকারের ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স এশিয়া (পাওয়ার এশিয়া)’ উদ্যোগের আওতায় এটি প্রথম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মসূচিটির দুটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও সহনশীল ও কার্যকর করা। দ্বিতীয়ত, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালী করা।
এ উদ্যোগের আওতায় বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার উন্নয়ন, জ্বালানির উৎস বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রগুলোর টেকসই পরিচালনায় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর উন্নত পরিকল্পনা এবং জ্বালানি সাশ্রয়মূলক কার্যক্রমও জোরদার করা হবে।
এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন-সংক্রান্ত বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারের প্রত্যাশা, এই ঋণ সহায়তা দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সহায়ক হবে। একই সঙ্গে জ্বালানি খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে বাংলাদেশ ও জাপানের উন্নয়ন সহযোগিতাও নতুন মাত্রা পাবে।

