নতুন মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় আগামী তিন বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয় প্রণীত আগামী অর্থবছরের মধ্যমেয়াদি বাজেট কাঠামো অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরে রিজার্ভ দাঁড়াবে ৬২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে। এই প্রক্ষেপণকে প্রায় ৬৩ বিলিয়ন ডলারের কাছাকাছি হিসেবে ধরা হচ্ছে।
নথিতে উল্লেখ করা হয়েছে, ওই সময় দেশের রিজার্ভ দিয়ে প্রায় ৫ দশমিক ৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত ছয় মাসের পর্যাপ্ততার মানদণ্ডের কাছাকাছি একটি অবস্থান নির্দেশ করে। এই পূর্বাভাস তৈরিতে ভিত্তি ধরা হয়েছে শক্তিশালী প্রবাসী আয় প্রবাহ, রপ্তানি খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং সতর্ক বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। পরবর্তীতে তা কমে ২০২৩-২৪ অর্থবছরে নেমে আসে ২৬ দশমিক ৯০ বিলিয়ন ডলারে। এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। ২০২৪-২৫ অর্থবছরের শেষে রিজার্ভ দাঁড়ায় ৩১ দশমিক ১৭ বিলিয়ন ডলারে।
প্রক্ষেপণ অনুযায়ী, রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬-২৭ অর্থবছরে তা বেড়ে ৪১ দশমিক ০১ বিলিয়ন ডলার, ২০২৭-২৮ অর্থবছরে ৫০ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং ২০২৮-২৯ অর্থবছরে ৬২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই লক্ষ্য অর্জিত হলে ২০২০-২১ অর্থবছরের সংকট-পূর্ব সর্বোচ্চ অবস্থানও অতিক্রম করবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

