ভ্যাট নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে এবং কর ফাঁকি রোধে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট একাউন্ট খোলা-সহ মোট সাতটি খাতে ব্যবসা সনাক্তকরণ নম্বর বা বিআইএন বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংক বা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খুলতে বা ঋণ গ্রহণ করতে হলে এখন থেকে বিআইএন থাকা বাধ্যতামূলক।
একইভাবে ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট একাউন্ট খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিআরটিএ থেকে যানবাহন নিবন্ধন নিতে হলেও বিআইএন থাকতে হবে।
এ ছাড়া কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সমন্বয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যভান্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংকিং খাত, বিদ্যুৎ-গ্যাস-পানি মতো ইউটিলিটি সেবা এবং সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হবে।
অন্যদিকে আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টা থেকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় সংসদ ভবনে এই বাজেট উপস্থাপন করা হচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন করা হয়।

