২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৬ হাজার ২০৯ কোটি টাকা। এতে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা। যা দেশের মোট দেশজ উৎপাদনের ০.৬৩ শতাংশ।
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা। তখন এটি মোট দেশজ উৎপাদনের ০.৬১ শতাংশ ছিল। নতুন প্রস্তাব অনুযায়ী বরাদ্দ ও অংশীদারিত্ব—দুটিই কিছুটা বৃদ্ধি পাচ্ছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য মোট বাজেট ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের মোট দেশজ উৎপাদনের ১৩ দশমিক ৭ শতাংশ।
এটি গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের প্রথম বাজেট। বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণও ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এই ব্যয় ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা সামান্য কমে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এবার বাজেটের আকার আগের তুলনায় প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা বাড়ছে। অর্থনীতিবিদদের মতে, কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি খাদ্য নিরাপত্তা ও উৎপাদন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

