অলাভজনক ও দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে এসব শিল্পপ্রতিষ্ঠান সচল করার প্রক্রিয়ায় অযথা বিলম্ব না করার ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন।
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় জানানো হয়, বন্ধ শিল্পকারখানাগুলোতে বিনিয়োগের বিষয়ে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের শিল্পপ্রকল্প স্থাপনের প্রস্তাব দিয়েছে। এখন প্রস্তাবগুলোর সম্ভাব্যতা যাচাই করা হবে বলে সভায় জানানো হয়।
প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত সব কার্যক্রম শেষ করার তাগিদও দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

