পদমর্যাদা ও ক্ষমতার অপব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন গুম-খুনের মতো গুরুতর অপরাধে জড়াতে সাহস না পান, সে জন্য এসব অপরাধের দৃশ্যমান বিচার নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের কর্মকর্তাদের দায়িত্ব। তাঁর মতে, বিচার এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ নিজের পদ বা ক্ষমতা ব্যবহার করে এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পান।
সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধার কথা উল্লেখ করে তিনি বলেন, দু-একজন সদস্যের কর্মকাণ্ডে সেই শ্রদ্ধা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিছু সামরিক কর্মকর্তার বিবেক জাগ্রত হয়েছে এবং তাঁরা এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসেছেন। তাঁদের সাক্ষ্যেও বিষয়টি উঠে এসেছে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পদোন্নতি ও আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ তুলে অ্যাটর্নি জেনারেল বলেন, তাঁর অবৈধ সম্পদের পাহাড় গড়ার তথ্যও রাষ্ট্রপক্ষের কাছে রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের পৃথক মামলা বা তদন্ত চলছে বলেও জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, গুম-খুনসহ এ ধরনের অপরাধের বিচারে বাংলাদেশের আইন এবং দেশীয় ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অবস্থান যুক্তিতর্কে তুলে ধরবে রাষ্ট্রপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের কীভাবে দণ্ড দেওয়া হয়েছে, সেই নজিরও আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা চলছে। মামলার অভিযোগ ও সাক্ষ্যপ্রমাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল।

