চলতি জুলাই মাসের প্রথম চার দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৩০৪ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা।
ফলে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার কোটি টাকারও বেশি। রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৬ কোটি মার্কিন ডলার।
এর আগে গত জুন মাসে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।
এর আগের মাস মে মাসে দেশে রেমিট্যান্স আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। তবে এপ্রিল মাসে এ প্রবাহ কিছুটা কমে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারে নেমে আসে।
বাংলাদেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের মার্চ মাসে। ওই সময়ে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

