অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন-সংক্রান্ত সেবা আরও দ্রুত, সমন্বিত ও ঝামেলামুক্ত করতে নতুন পদক্ষেপ নিয়েছে অর্থ বিভাগ। এ উদ্যোগের অংশ হিসেবে বিভাগে একজন কল্যাণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পেনশন-সংক্রান্ত সব কার্যক্রমের সমন্বয়, তদারকি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ নিশ্চিত করবেন।
এ বিষয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন-৩ শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। গত ২ জুলাই উপসচিব মো. জহিরুল হকের সই করা ওই আদেশে নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’-এর ২.০১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরে পেনশন কার্যক্রমের জন্য একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তার দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে। সেই বিধান অনুসারে অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব অনুযায়ী, কল্যাণ কর্মকর্তা পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করবেন। একই সঙ্গে ২০১৬ সালে অর্থ বিভাগের জারি করা নির্দেশনায় নির্ধারিত দায়িত্বও পালন করবেন।
তার দায়িত্বের মধ্যে রয়েছে অবসরের অন্তত এক বছর আগে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করা, সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়কে অবহিত করা, চাকরিসংক্রান্ত তথ্য ও নথিপত্র যাচাই করা এবং অডিট আপত্তি বা বিভাগীয় মামলা থাকলে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া।
এ ছাড়া পেনশন, আনুতোষিক, ছুটি নগদায়ন এবং সাধারণ ভবিষ্য তহবিলের চূড়ান্ত অর্থ উত্তোলনের আবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াকরণ নিশ্চিত করবেন তিনি। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং মৃত কর্মচারীর পরিবারের পেনশন-সংক্রান্ত কার্যক্রমে সহায়তা প্রদান ও পুরো প্রক্রিয়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন।
কল্যাণ কর্মকর্তার দায়িত্বের মধ্যে আরও রয়েছে পেনশন, আনুতোষিক ও ছুটি নগদায়নের তথ্য নিয়মিত হালনাগাদ রাখা, নির্ধারিত সময়ের মধ্যে পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু নিশ্চিত করা এবং প্রাপকেরা যাতে দ্রুত অর্থ পান, সে বিষয়েও নজরদারি করা।
অর্থ বিভাগ জানিয়েছে, এ-সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, অনুবিভাগ প্রধান, যুগ্মসচিব, উপসচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি অধিশাখাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

