ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচারের জন্য কেনা অল মিডিয়া রাইটসের বিপরীতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)কে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে সরকার। তবে এই সুবিধা কার্যকর হবে নির্ধারিত চারটি শর্ত পূরণের ভিত্তিতে।
এ বিষয়ে গত ২ জুলাই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি আদেশ জারি করে। আদেশে উল্লেখ করা হয়েছে, ২৩ জুন থেকে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর হিসেবে গণ্য হবে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচারের জন্য বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে অল মিডিয়া রাইটস কিনেছে। এ জন্য রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির ব্যয় হচ্ছে ৭৩ কোটি টাকা। এই অর্থের ওপর প্রযোজ্য ভ্যাট মওকুফের অনুমোদন দিয়েছে সরকার। তবে এই ভ্যাট অব্যাহতির ক্ষেত্রে চারটি শর্ত বেঁধে দিয়েছে আইআরডি।
প্রথম শর্ত অনুযায়ী, শুধুমাত্র ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস কেনার জন্য বিটিভির পরিশোধযোগ্য ব্যয়ের ক্ষেত্রেই এই ভ্যাট অব্যাহতি প্রযোজ্য হবে। দ্বিতীয় শর্তে বলা হয়েছে, সম্প্রচারস্বত্ব কেনার জন্য পরিশোধ করা অর্থের বিস্তারিত হিসাব অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে জানাতে হবে। তৃতীয় শর্ত অনুযায়ী, কোনো সাবলাইসেন্সি প্রতিষ্ঠান এই ভ্যাট সুবিধার আওতায় থাকবে না।
চতুর্থ শর্তে স্পষ্ট করা হয়েছে, বিশ্বকাপের অল মিডিয়া রাইটস ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে অন্য কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে এই ভ্যাট অব্যাহতি প্রযোজ্য হবে না। এর আগে গত ৭ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিটিভির জন্য ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ৭৩ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কেনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে বিটিভির ব্যয় আগের আসরের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম হয়েছে।

