সম্পত্তির হেবা (দান) দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর দিতে হবে না। এ ধরনের নিবন্ধনে শুধু দানকর প্রযোজ্য হবে বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল মঙ্গলবার জারি করা এক স্পষ্টীকরণে সংস্থাটি জানিয়েছে, নতুন আয়কর আইন ও উৎসে কর বিধিমালার ব্যাখ্যা নিয়ে মাঠপর্যায়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআরের ব্যাখ্যায় বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারায় সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছর থেকে ওই ধারায় নতুন উপধারা (২ক) যুক্ত হওয়ায় হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের জন্য আলাদা বিধান কার্যকর হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, হেবা বা দান দলিল নিবন্ধনের সময় দানকর আইন, ১৯৯০ অনুসারে নির্ধারিত হারে দানকর পরিশোধ করতে হবে। নিবন্ধনকারী কর্মকর্তা ই-চালানের মাধ্যমে এই কর আদায় করবেন। এ ক্ষেত্রে কোনো উৎসে কর প্রযোজ্য হবে না।
তবে এনবিআর স্পষ্ট করেছে, এই সুবিধা শুধু হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেই প্রযোজ্য। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। অর্থাৎ, সেসব ক্ষেত্রে নির্ধারিত হারে উৎসে কর দিতে হবে এবং দানকর প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, নতুন আয়কর আইন কার্যকর হওয়ার পর সম্পত্তি নিবন্ধনের আগে কর পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় হেবা ও দান দলিলের ক্ষেত্রে উৎসে কর নাকি দানকর দিতে হবে—এ নিয়ে নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট পর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এনবিআরের সর্বশেষ ব্যাখ্যায় বিষয়টি স্পষ্ট হলো।

