২০২৬-২৭ অর্থবছরে নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন এবং নির্ধারিত লক্ষ্য পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ জানান।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের পরিস্থিতি ভালো থাকবে। এনবিআরের কর্মকর্তারা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রস্তুতি নিয়েছেন। সরকারের নির্ধারিত রাজস্ব লক্ষ্য পূরণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চলতি অর্থবছরে এনবিআরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এই লক্ষ্য আগের অর্থবছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। অতীতে এত বড় হারে রাজস্ব বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের নজির খুব বেশি দেখা যায়নি। বৈঠকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবীব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গেও বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের কোথায় কী ধরনের সমস্যা রয়েছে এবং সেগুলোর সমাধান কীভাবে করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, ব্যবসার পরিবেশ সহজ করতে এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। এরপরও যেসব সমস্যা রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অর্থমন্ত্রীর মতে, সরকার ও ব্যবসায়ীদের মধ্যে ধারাবাহিক আলোচনার মাধ্যমে শিল্প ও ব্যবসা খাতে বিদ্যমান বাধাগুলো দূর করার চেষ্টা অব্যাহত থাকবে।

