তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রাথমিক প্রস্তাব তুলে ধরেছে। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ফলে আলোচনা অসমাপ্ত রেখেই সভা মুলতবি করা হয়েছে। বাকি আলোচনা এগিয়ে নিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) আবার বৈঠকে বসবে বোর্ড।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষের প্রাথমিক প্রস্তাব নিয়ে আলোচনা চলে। তবে দুই পক্ষের অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এ কারণে মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণও এখনো প্রকাশ করা হয়নি।
মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টায় পুনরায় বৈঠক শুরু হবে। সভা শেষে সাংবাদিকদের কাছে মালিকপক্ষের প্রস্তাব এবং তৃতীয় বৈঠকের বিস্তারিত তুলে ধরা হবে।
এদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি শ্রমিক সংগঠন। নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা চলার মধ্যেই শ্রমিকদের পক্ষ থেকে এ দাবি জানানো হলো।
এর আগে স্থগিত থাকা মজুরি বোর্ডের তৃতীয় সভাটি সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
এদিনের বৈঠকে প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। অন্যদিকে শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
আগামীকালের বৈঠকে দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমিয়ে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণে কোনো অগ্রগতি হয় কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

