ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। চুক্তির আওতায় জাপানি প্রতিষ্ঠানের কাছ থেকে অগ্রিম প্রায় ১০০ কোটি টাকা পাওয়ার পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের নির্ধারিত অংশ পাবে সরকার।
সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।
টার্মিনালটি পরিচালনায় আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি আগে আর্থিক প্রস্তাব জমা দেয়। পরে প্রস্তাব যাচাই-বাছাই ও দর-কষাকষির মাধ্যমে চুক্তির শর্ত নির্ধারণ করা হয়।
প্রস্তাবিত কনসেশন চুক্তিটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে আইনি যাচাই করা হয়েছে। এরপর অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের মেয়াদ হবে ১৫ বছর। এ জন্য জাপানি প্রতিষ্ঠানকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।
শুধু অগ্রিম অর্থ নয়, টার্মিনালের কার্যক্রম থেকে নিয়মিত রাজস্ব পাওয়ার ব্যবস্থাও চুক্তিতে রাখা হয়েছে।
যাত্রী পরিবহন থেকে অর্জিত মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। একইভাবে কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলারের শর্ত রয়েছে।
এ ছাড়া চুক্তিতে এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বর্তমানে এ খাতে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা আদায় করা হয়।
বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়েও চুক্তিতে বিশেষ শর্ত রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পরিচালনা করতে পারবে।
চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ ধরনের কনসেশন ব্যবস্থায় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্দিষ্ট মেয়াদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হলেও সরকার চুক্তি অনুযায়ী আর্থিক সুবিধা পাবে।
প্রসঙ্গত, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা।
প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৬ সালের ১ জুলাই। বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।
তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রস্তাব অনুমোদিত হওয়ায় এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। তবে চুক্তি স্বাক্ষর, প্রকল্প হস্তান্তর এবং অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

