জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রম পৃথক করার উদ্যোগ কতদূর এগিয়েছে, সে বিষয়ে সরকারের কাছে সর্বশেষ তথ্য জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে বাংলাদেশের নিম্ন কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কেও বিস্তারিত জানতে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি।
এনবিআর সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) বৈঠকের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়।
বৈঠকে এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিবের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার। আলোচনায় নতুন অর্থবছরের বাজেট, রাজস্ব ঘাটতি, মধ্যমেয়াদি বাজেট কাঠামো এবং অভ্যন্তরীণ অর্থায়নের বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটিকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’—এই দুই অংশে বিভক্ত করার সিদ্ধান্তে সরকার এখনও অনড় রয়েছে। সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রমে শিগগিরই দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আইএমএফ প্রতিনিধিদের জানানো হয়েছে।
প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ করনীতি প্রণয়ন, গবেষণা এবং আন্তর্জাতিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কর আদায়, নিরীক্ষা এবং মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।
তবে এই পুনর্গঠন নিয়ে এনবিআরের একাংশ কর্মকর্তা-কর্মচারীর আপত্তি রয়েছে। এ কারণে সরকার অধ্যাদেশ পুরোপুরি বাতিল না করে অংশীজনদের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের পরিকল্পনা:
বৈঠকে এনবিআর জানায়, করহার বৃদ্ধি না করে কর-জিডিপি অনুপাত উন্নত করার লক্ষ্য নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে—
- রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন,
- করজাল সম্প্রসারণ,
- কর ফাঁকি প্রতিরোধ,
- বকেয়া রাজস্ব আদায়ে জোর দেওয়া,
- জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত করজাল বিস্তারের উদ্যোগ।
এছাড়া প্রয়োজন ছাড়া নতুন কোনো কর অব্যাহতি না দেওয়ার নীতিও অনুসরণ করা হচ্ছে বলে জানানো হয়। আইএমএফের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বের অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে। এ ক্ষেত্রে দেশটির অবস্থান ইয়েমেন ও সুদানের সামান্য ওপরে।
গত জুনে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমানে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ। তবে অর্থ মন্ত্রণালয়ের ‘মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি ২০২৬-২৯’ অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে এই হার ১০ দশমিক ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে আইএমএফের শর্ত অনুযায়ী কর-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর। বিশেষ করে গত অর্থবছরে নির্ধারিত লক্ষ্যের তুলনায় প্রায় এক লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য কীভাবে অর্জন করা হবে, সে বিষয়ে সরকারের কৌশল জানতে চেয়েছে আইএমএফ।
৪৫০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে আইএমএফের প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছে। বৈঠকে এনবিআরের উপস্থাপিত পরিকল্পনাগুলো তারা নথিভুক্ত করেছে। পরবর্তী বৈঠকে এ বিষয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগ বাড়াতে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য ৬০ হাজার কোটি টাকার অর্থায়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ৪৪টি সরকারি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘমেয়াদে রাজস্ব আদায় বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।
এনবিআর সূত্র জানিয়েছে, আইএমএফের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনায় সম্ভাব্য নতুন ঋণচুক্তির অগ্রগতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি এবং নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের অর্থায়নসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

