ক্রেতার হাতে পৌঁছানোর আগে একটি টি-শার্ট পেরিয়ে আসে দীর্ঘ এক উৎপাদন যাত্রা। সেই যাত্রায় জড়িত থাকে শ্রমিক, কারখানা এবং অসংখ্য সরবরাহকারী কিন্তু যখন বাজারে কম দামের পোশাকের প্রতিযোগিতা তীব্র হয়, তখন এই পুরো ব্যবস্থার ওপর তৈরি হয় বাড়তি চাপ।
বিশ্বের পোশাক বাজারে কম দামের পণ্যের চাহিদা বাড়ছে। ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পোশাক কিনতে চান, আর ব্র্যান্ডগুলোও কঠিন প্রতিযোগিতার মধ্যে নিজেদের মুনাফা ধরে রাখতে চায় কিন্তু একটি কম দামের টি-শার্টের পেছনে রয়েছে দীর্ঘদিনের চাপের মধ্যে থাকা একটি সরবরাহ ব্যবস্থা। যেখানে উৎপাদন খরচ বাড়লেও সেই অনুযায়ী বাড়েনি পোশাকের ক্রয়মূল্য।
এই পরিস্থিতি বৈশ্বিক পোশাক শিল্পে তৈরি করেছে বড় ধরনের বৈপরীত্য। একদিকে ব্র্যান্ডগুলো শ্রমিকের অধিকার, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উৎপাদনের প্রতিশ্রুতি দিচ্ছে। অন্যদিকে অনেক ক্ষেত্রে তাদের ক্রয়নীতি এখনো কম দামে পণ্য সংগ্রহের পুরোনো কাঠামোর ওপর নির্ভরশীল।
পাবলিক আই ওক্লিন ক্লোথস ক্যাম্পেইনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক খাতের বর্তমান সংকট শুধু কারখানা ব্যবস্থাপনা বা শ্রমিকের উৎপাদনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়। বরং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ক্রয় পদ্ধতিও এই ভারসাম্যহীনতার অন্যতম কারণ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউরোপের বাজারে আমদানি করা তুলার টি-শার্টের প্রকৃত মূল্য গত দুই দশকে কমেছে। মূল্যস্ফীতির হিসাব ধরলে পোশাকের দাম স্থিতিশীল মনে হলেও বাস্তবে এর ক্রয়ক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
দাম একই থাকলেও উৎপাদন ব্যয়ের চাপ বেড়েছে:
ইউরোপীয় ইউনিয়নে তুলার টি-শার্ট আমদানির গড় মূল্য ২০০১ সালে ছিল ২ দশমিক ১৫ ডলার। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৬৭ ডলারে। তবে মূল্যস্ফীতি বিবেচনায় নিলে পরিস্থিতি ভিন্ন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত হিসাবে গত দুই দশকে টি-শার্টের মূল্য প্রতি বছর প্রায় ৩ দশমিক ১ শতাংশ করে কমেছে অর্থাৎ দীর্ঘ সময়ে একটি টি-শার্টের প্রকৃত মূল্য প্রায় অর্ধেকে নেমে এসেছে।
অন্যদিকে পোশাক উৎপাদনের ব্যয় বেড়েছে। শ্রমিকের মজুরি, বিদ্যুৎ ও জ্বালানি খরচ, পরিবেশগত মান বজায় রাখার ব্যয়, কাঁচামালের দাম, রাসায়নিক ব্যবস্থাপনা এবং উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার খরচ আগের তুলনায় অনেক বেশি কিন্তু অনেক ব্র্যান্ড এখনো কম দামের লক্ষ্য ধরে পোশাক কেনার চেষ্টা করছে। এর ফলে বাড়তি উৎপাদন ব্যয়ের বড় অংশ বহন করতে হচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে।
ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের শক্ত অবস্থান:
এই মূল্য নির্ধারণের বিতর্কে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের তুলার টি-শার্ট আমদানির ৬১ শতাংশ আসে বাংলাদেশ থেকে। ফলে ইউরোপের অন্যতম প্রধান টি-শার্ট সরবরাহকারী দেশ বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশ থেকে আমদানি করা একটি টি-শার্টের গড় মূল্য ছিল ২ দশমিক ০৬ ডলার, যা ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক গড় আমদানি মূল্যের তুলনায় কম।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের পোশাক কেনার মূল্যেও বড় পার্থক্য রয়েছে। ২০২৫ সালে জাপানের ফাস্ট রিটেইলিং প্রতি কেজি পোশাকের জন্য গড়ে ১৬ দশমিক ৯৫ ডলার দিয়েছে। অন্যদিকে এলপিপির গড় ক্রয়মূল্য ছিল ১০ দশমিক ১১ ডলার।
একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের গড় আমদানি মূল্য ছিল প্রতি কেজিতে ১৬ ডলার। বাংলাদেশের তৈরি টি-শার্টের গড় মূল্য ছিল প্রায় ১৩ ডলার। তবে এই পার্থক্যের পেছনে শুধু দাম নয়, পোশাকের মান, কাপড়ের ওজন, ব্যবহৃত কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়া এবং ব্র্যান্ডের ব্যবসায়িক কৌশলও ভূমিকা রাখে।
তবে প্রতিবেদনের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে মূল্যস্ফীতি সমন্বয়ের পর ছয়টি বড় ক্রেতা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রকৃত ক্রয়মূল্য কমেছে অর্থাৎ এটি শুধু বাজার পরিস্থিতির কারণে হয়নি, বরং অনেক ক্ষেত্রে ব্যবসায়িক সিদ্ধান্তের ফল।
সস্তা পোশাকের চাহিদায় বাড়ছে কারখানার চাপ:
দীর্ঘদিন ধরে পোশাক খাতে শ্রমিক কল্যাণ নিয়ে আলোচনা হয়েছে কারখানার পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, মজুরি এবং নিয়ম মানার বিষয়কে কেন্দ্র করে। তবে প্রতিবেদনে বাংলাদেশের পোশাক কারখানার ব্যবস্থাপক, পণ্য ব্যবস্থাপক এবং ক্রয় সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার তুলে ধরে বলা হয়েছে, অনেক সময় ব্র্যান্ডগুলো আগে থেকেই নির্দিষ্ট কম মূল্য ঠিক করে দেয়।
কম লাভ হলেও উৎপাদন চালু রাখতে অনেক সরবরাহকারী সেই দামে অর্ডার নিতে বাধ্য হন কারণ কারখানার হাতে চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণের ক্ষমতা সীমিত। কম দামের অর্ডার পাওয়ার পর কারখানাগুলো সাধারণত উৎপাদন বাড়ানো, খরচ কমানো কিংবা বিনিয়োগ পিছিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেয়। তবে সব সময় উৎপাদনশীলতা বাড়িয়ে এই চাপ মোকাবিলা করা সম্ভব হয় না।
সস্তা পোশাকের আড়ালের অদৃশ্য খরচ:
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে তৈরি একটি টি-শার্টের রপ্তানি মূল্যের মাত্র ১২ শতাংশ শ্রমিকদের মজুরি হিসেবে ব্যয় হয়। বড় পোশাক উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের ন্যূনতম মজুরি তুলনামূলক কম হলেও জীবনযাত্রার ব্যয় ধারাবাহিকভাবে বেড়েছে।
প্রতিবেদনে কারখানা পরিচালকদের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, একই সংখ্যক শ্রমিক দিয়ে আগে যেখানে প্রতি ঘণ্টায় ২০০টি টি-শার্ট উৎপাদনের লক্ষ্য ছিল, এখন তা বেড়ে প্রায় ২৫০টিতে পৌঁছেছে। কম ক্রয়মূল্যের চাপ থেকেই উৎপাদন বাড়ানোর এই প্রবণতা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অর্থাৎ ব্র্যান্ড পর্যায়ে খরচ কমানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত কারখানার উৎপাদন পরিকল্পনা, শ্রমিকের ওপর চাপ এবং নতুন বিনিয়োগের সক্ষমতাকে প্রভাবিত করে।
টেকসই পোশাক শিল্পে বদলাতে হবে ক্রয়ের কৌশল:
বিশ্বের বড় পোশাক ব্র্যান্ডগুলো এখন জীবনধারণ উপযোগী মজুরি, মানবাধিকার রক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং দায়িত্বশীল উৎপাদনের প্রতিশ্রুতি দিচ্ছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, শুধু কারখানা পরিদর্শন বা নিয়ম মানার চাপ দিয়ে এসব লক্ষ্য অর্জন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন এমন একটি ক্রয়ব্যবস্থা, যেখানে উৎপাদনের প্রকৃত খরচ বিবেচনায় নেওয়া হবে। কারণ পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে কারখানাগুলো উন্নত কর্মপরিবেশ, নিরাপদ প্রযুক্তি কিংবা পরিবেশবান্ধব ব্যবস্থায় বিনিয়োগ করতে পারে না।
টেকসই সরবরাহ ব্যবস্থায় নতুন মূল্যনীতির প্রস্তাব:
সরবরাহ ব্যবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে প্রতিবেদনে একটি নতুন মূল্য কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অন্তর্বর্তীকালীন পর্যায়ে প্রতি কেজি পোশাকের ক্রয়মূল্য ১৮ ডলার এবং দীর্ঘমেয়াদে ৩০ ডলার করার কথা বলা হয়েছে। তবে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এই মূল্য কাঠামো গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিশ্বজুড়ে পরিবেশ ও শ্রম অধিকার নিয়ে নজরদারি বাড়ছে। ফলে ভবিষ্যতে শুধু ব্র্যান্ডগুলোর ঘোষণাই নয়, তাদের বাস্তব ক্রয়নীতিও মূল্যায়নের আওতায় আসবে। পোশাক খাতে কম দামের প্রতিযোগিতা থাকবে। তবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে ব্র্যান্ড, সরবরাহকারী ও শ্রমিক—সব পক্ষের স্বার্থের মধ্যে ভারসাম্য তৈরি করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পোশাকের কম দামের প্রতিযোগিতা হয়তো ভোক্তার জন্য স্বস্তি এনে দেয়, কিন্তু এর পেছনের বাস্তবতা ক্রমেই জটিল হয়ে উঠছে। একটি টি-শার্টের মূল্য কমাতে গিয়ে যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান, শ্রমিক এবং সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়, তাহলে সেই সাশ্রয়ের প্রকৃত মূল্য কে দিচ্ছে—এই প্রশ্ন এখন সামনে আসছে।
টেকসই ফ্যাশনের ভবিষ্যৎ শুধু পরিবেশবান্ধব উপকরণ বা কারখানা পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িত রয়েছে ন্যায্য মূল্য, দায়িত্বশীল ক্রয়নীতি এবং উৎপাদনের সঙ্গে যুক্ত মানুষের জীবনমান। কারণ একটি পোশাক শুধু একটি পণ্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে হাজারো শ্রমঘণ্টা, অসংখ্য মানুষের জীবিকা এবং একটি পুরো অর্থনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা।
ভবিষ্যতের পোশাক শিল্পে বড় চ্যালেঞ্জ হবে—কম দামে পোশাকের চাহিদা এবং ন্যায্য উৎপাদনের প্রয়োজনের মধ্যে ভারসাম্য তৈরি করা। প্রশ্ন হলো, বিশ্ব কি এমন একটি পোশাক ব্যবস্থার দিকে এগোবে যেখানে কম দামের সুবিধার পাশাপাশি শ্রমিকের অধিকারও নিশ্চিত হবে, নাকি সস্তা পোশাকের আড়ালে লুকিয়ে থাকা খরচ আরও বাড়তেই থাকবে?

