মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় শেয়ারহোল্ডারদের জন্য বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটি মোট ১৯০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
এর মধ্যে ১৮০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ রয়েছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৮ টাকা নগদ লভ্যাংশ এবং প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি আয় বেড়ে ৩৩ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এই আয় ছিল ৩১ টাকা ১১ পয়সা।
ওয়ালটনের মুনাফা বৃদ্ধির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অর্থায়ন ব্যয় কমে যাওয়া। গত অর্থবছরে যেখানে এই খাতে ব্যয় ছিল ৪৪৮ কোটি ৪০ লাখ টাকা, চলতি অর্থবছরে তা কমে ১৮১ কোটি ১৪ লাখ টাকায় নেমেছে। ফলে এক বছরে অর্থায়ন ব্যয় কমেছে প্রায় ২৬৭ কোটি ২৬ লাখ টাকা।
নগদ প্রবাহেও উন্নতির চিত্র পাওয়া গেছে। ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বেড়ে ৬৩ টাকা ৭২ পয়সায় দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এটি ছিল ৫২ টাকা ৯১ পয়সা।
কোম্পানির তথ্য অনুযায়ী, গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায়ের পরিমাণ ৬৯৪ কোটি ৩৬ লাখ টাকা বেড়েছে। পাশাপাশি সরবরাহকারীদের পাওনা পরিশোধও আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। এ দুই কারণে নগদ প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনর্মূল্যায়নসহ ওয়ালটনের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা। এক বছর আগে এই মূল্য ছিল ৩৬৩ টাকা ৪০ পয়সা। পুনর্মূল্যায়ন বাদ দিলে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮০ টাকা ২৪ পয়সা।
প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশের অর্থ প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও সম্প্রসারণ কার্যক্রমের আওতায় পরিচালিত ‘গ্রিন এনার্জি প্রজেক্ট’-এর সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হবে। এর মাধ্যমে কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে ওয়ালটনের।
লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর দুপুর ১২টায়। সভাটি ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হবে।

