নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য সংগ্রহ করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মধ্যরাতে ওক্রিকা স্থানীয় সরকার এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে। সেখানে একটি জাহাজে রপ্তানির জন্য পেট্রোলিয়াম পণ্য তোলা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ওক্রিকা ও আশপাশের এলাকার দুই শতাধিক তরুণ কাঠের নৌকা নিয়ে ওই এলাকায় যান। পরে জাহাজে পণ্য তোলার স্থাপনায় অবৈধভাবে সংযোগ দেওয়া একটি পাইপলাইন থেকে পেট্রোলিয়াম পণ্য সংগ্রহের চেষ্টা করেন তারা।
স্থানীয়দের দাবি, নৌকায় পেট্রোলিয়াম পণ্য তোলার সময় হঠাৎ ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন ঘটনাস্থলেই জ্ঞান হারান। কয়েকজন নদীতে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন বলেও জানা গেছে।
ঘটনার পর নদীতে কয়েকটি মরদেহ ভাসতে দেখা যায়। পাশাপাশি আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পরিবেশ ও মানবাধিকার সংগঠন। রিভার্স রাজ্য পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ ও পুরো পরিস্থিতি জানতে তদন্ত চলছে।
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টারও একাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে জানিয়েছেন, নিহতদের কয়েকজন একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ দিয়ে পেট্রোলিয়াম পণ্য সংগ্রহের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যাল এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য জাহাজে পণ্য সরবরাহ করা হয়।
তার ভাষ্য অনুযায়ী, অপেক্ষমাণ নৌকাগুলোতে পেট্রোলিয়াম পণ্য তোলার সময় পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পণ্য সরবরাহ করা হচ্ছিল। এ সময় সৃষ্ট বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। নদীতে আরও মরদেহ থাকতে পারে এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন বলেও তিনি জানান।
রিভার্স রাজ্যের এ ঘটনা নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে তেল চুরি ও অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য সংগ্রহের ভয়াবহ ঝুঁকিকে আবারও সামনে এনেছে। এ অঞ্চলে দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেল চুরি, অবৈধভাবে তেল পরিশোধন এবং পেট্রোলিয়াম পণ্য পাচারের ঘটনা ঘটে আসছে।
অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, গত এপ্রিল মাসে তারা ১০টি অবৈধ তেল পরিশোধন কেন্দ্র ধ্বংস করে। রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম রাজ্যে চালানো এসব অভিযানে তেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানগুলোতে এক লাখ ৩০ হাজার লিটারের বেশি চুরি করা অপরিশোধিত তেল এবং যানবাহনে ব্যবহারের জন্য মজুত করা ২৬ হাজার লিটারের বেশি ডিজেল উদ্ধার করা হয়। পরে ২৮ আগস্ট রিভার্স রাজ্যে আরও দুটি অবৈধ তেল পরিশোধন কেন্দ্র ধ্বংস করার কথা জানায় নাইজেরিয়ার নৌবাহিনী। ওই অভিযানেও অবৈধভাবে পরিশোধিত হয়েছে বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

