ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।
আগামী দুই বছরের মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করেছে সংগঠনটির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রূপালী চৌধুরী এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি এ কে আজাদ।
আইসিসি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে এই নেতৃত্ব নির্বাচন করেছে।
মাহবুবুর রহমান এর আগে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যবসায়িক সংগঠন। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত এবং বিশ্বের ১৭০টির বেশি দেশে এর কার্যক্রম রয়েছে।
বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ৫০ লাখ প্রতিষ্ঠান এবং ১০০ কোটির বেশি কর্মজীবী মানুষ আইসিসির সঙ্গে যুক্ত। বৈশ্বিক ব্যবসা, বাণিজ্য নীতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জাতিসংঘের সাধারণ পরিষদে স্থায়ী পর্যবেক্ষক মর্যাদা পাওয়া একমাত্র বেসরকারি খাতের আন্তর্জাতিক সংগঠনও আইসিসি।

