৪৫তম জাপানি ওডিএ ঋণ প্যাকেজ (১ম ব্যাচ) এর আওতায় দুটি প্রকল্প, ‘যমুনা রেলওয়ে ব্রিজ নির্মাণ প্রকল্প (৩য় কিস্তি)’ ও ‘চট্টগ্রাম স্যুয়ারেজ সিস্টেম উন্নয়ন প্রকল্প’-এর জন্য মোট ৩৯ হাজার ৯০২ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ২৪৮.৮৮ মিলিয়ন ডলার) ঋণ দেবে জাপান।
গতকাল সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ কনফারেন্স রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে এই ‘এক্সচেঞ্জ অব নোট’ এবং ‘ঋণ চুক্তি’ স্বাক্ষরিত হয়।
‘যমুনা রেলওয়ে ব্রিজ কনসট্রাকশন প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। প্রকল্পে জাইকা ঋণ ১২ হাজার ১৪৯ কোটি টাকা)। প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রকল্পটির জন্য জাপান সরকার বিভিন্ন পর্যায়ে দিয়ে আসছে। প্রকল্পের ঋণের সুদের হার নির্মাণ কাজের জন্য ১.৭০ শতাংশ, পরামর্শকের জন্য ০.৪০ শতাংশ, এককালীন ফি ০.২০ শতাংশ। ঋণ পরিশোধকাল ৩০ বছর। এর মধ্যে ১০ বছর গ্রেস পিরিয়ড। প্রকল্পে তৃতীয় ধাপে চীন দিবে ২৩.৭ কোটি ডলার।
স্যুয়ারেজ সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পের (চট্টগ্রাম) মোট প্রাক্কলিত ব্যয় ৫ হাজার ১৫২ কোটি ৫৬ লাখ টাকা। প্রকল্পে জাইকা ঋণ ৪ হাজার ১৪৪ কোটি টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল জানুয়ারি ২০২৫ হতে নভেম্বর ২০৩২ পর্যন্ত। প্রকল্পটির মূল লক্ষ্য হলো চট্টগ্রাম শহরে উপযুক্ত পয়োনিস্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, পয়োনিস্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্ট, পাম্পিং স্টেশন এবং পাইপলাইন ইত্যাদির মতো পয়োনিস্কাশন সুবিধা নিশ্চিত করে স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং জলজ পরিবেশ সংরক্ষণে অবদান রাখা। প্রকল্পটির জন্য বিভিন্ন পর্যায়ে ঋণ দিয়েছে জাইকা। প্রকল্পে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য ১৩ কোটি ডলার ঋণ দেবে জাইকা।
বাংলাদেশে সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার জাপান। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশে সামাজিক-আর্থিক উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে আসছে। বর্তমানে জাপানের ওডিএ প্রতিশ্রুতি ৩২ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। বিদ্যুৎ, সড়ক, সেতু, টেলিযোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পানি সরবরাহ ও স্যানিটেশন, পল্লী উন্নয়ন, পরিবেশ, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জাপানি ঋণ ও অনুদান ব্যবহার করা হয়েছে। জাপানি সহায়তা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

