চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৪৯ হাজার ১৮৪টি বিমা দাবি নিষ্পত্তি করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ সময়ে প্রতিষ্ঠানটি প্রায় ৩৮৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। কোম্পানির প্রকাশিত হিসাব অনুযায়ী, এ সময়ে দাবি নিষ্পত্তির হার ৯৯.৯৯ শতাংশ।
জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কোম্পানিটির পরিশোধ করা অর্থের সবচেয়ে বড় অংশ গেছে বিমার মেয়াদপূর্তির সুবিধা হিসেবে। এ খাতে ২৩ হাজার ২৭৭টি দাবির বিপরীতে ২৯২ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে, যা মোট পরিশোধের ৭৬ শতাংশের বেশি।
এ ছাড়া পলিসির নির্ধারিত সময়ের সুবিধা হিসেবে ১৭ হাজার ৮৯৮টি দাবির বিপরীতে ৫১ কোটি ৮১ লাখ টাকা এবং পলিসি সমর্পণের ক্ষেত্রে ৬ হাজার ৮৩৪টি দাবির বিপরীতে ২৯ কোটি ৫৭ লাখ টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সময়ে ৫১১টি মৃত্যুজনিত দাবির বিপরীতে ৭ কোটি ২৮ লাখ টাকা এবং গ্রুপ বিমা ও অন্যান্য ৬৬৪টি দাবির বিপরীতে ১ কোটি ৬৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
অক্টোবর মাসে ৪ হাজার ৬১৭টি দাবির বিপরীতে ৪০ কোটি ৫৪ লাখ টাকা পরিশোধের তথ্য দিয়েছে কোম্পানির আগের প্রকাশিত মাসিক হিসাব। এর আগের মাস সেপ্টেম্বরে ৫ হাজার ৩৮৩টি দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছিল ৪৯ কোটি ৮১ লাখ টাকা।
এর আগে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ৫৫ হাজার ৩০০টি বিমা দাবির বিপরীতে মোট ৪০৫ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করেছিল। ২০২৪ ও ২০২৩ সালেও যথাক্রমে ৩৮০ কোটি ও ১২৪ কোটি টাকার বেশি দাবি পরিশোধের তথ্য জানিয়েছে কোম্পানিটি।
সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ দানিয়াল বলেন, বিমা ব্যবসায় গ্রাহকের আস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রুত দাবি পরিশোধ, সুশাসন জোরদার এবং গ্রাহকসেবার মান উন্নয়নের মাধ্যমে সেই আস্থা অর্জনে কাজ করছে প্রতিষ্ঠানটি। তিনি জানান, সেবার গতি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আন্ডাররাইটিং এবং অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দক্ষ জনবল তৈরির মাধ্যমে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সোনালী লাইফের দেশজুড়ে ২৬১টি শাখা রয়েছে বলে জানিয়েছে কোম্পানি।

