ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হঠাৎ করেই আলু ও পেঁয়াজ রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ থেকে পণ্য রপ্তানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে বাজারে বেড়ে গেছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম।
হিলি বন্দরে মঙ্গলবার সকাল থেকে পেঁয়াজের কোনো চালান প্রবেশ করেনি। তবে আগের বুকিং অনুযায়ী মাত্র দুই ট্রাক আলু এসেছে। এগুলো প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় কেজিতে ১০ টাকা বেশি। এর বিপরীতে স্থানীয় বাজারে দেশি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি পর্যন্ত উঠে গেছে।
বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন- রোববার পর্যন্ত নিয়মিত আমদানি চলছিল। সেদিন ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ এবং ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু বাংলাদেশে এসেছে। এরপর থেকেই স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। ফলে নতুন কোনো চালান আসার সম্ভাবনা আপাতত অনিশ্চিত।
ভারতের এক রপ্তানিকারক, নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে হঠাৎ করেই আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রাজ্য সরকার রপ্তানি বন্ধের এ সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন, “আমরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছি, যাতে অন্য রাজ্য থেকে হলেও পণ্য সরবরাহ চালু রাখা যায়। তাছাড়া যেসব ট্রাক ইতোমধ্যেই লোড হয়ে আছে, সেগুলো রপ্তানি করতে না পারলে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ব।”
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানিয়েছেন- “ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে স্লট বুকিং নিতে হয়, যা অনলাইনের মাধ্যমে করা হয়। হঠাৎ করেই রোববার অনলাইন সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে রপ্তানিকারকেরা নতুন কোনো স্লট বুকিং করতে পারছেন না। এ কারণে আমদানিতে অচলাবস্থা দেখা দিয়েছে।”
তবে আগের বুকিং করা চালানগুলো সীমিত পরিসরে ঢুকতে পারলেও পরিস্থিতি দীর্ঘায়িত হলে আলু ও পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের বাজারে এসব পণ্যের সরবরাহ সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পশ্চিমবঙ্গ সরকারের এ সিদ্ধান্ত কবে নাগাদ পরিবর্তন হতে পারে, তা এখনও অনিশ্চিত। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশেষজ্ঞরা।

