আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধুমাত্র একটি প্রযুক্তি নয় বরং স্মার্ট অর্থনীতির হৃদপিণ্ডে পরিণত হয়েছে। হৃদপিণ্ড ছাড়া যেমন প্রাণীর বেঁচে থাকা অসম্ভব, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া স্মার্ট অর্থনীতি গড়া অসম্ভব। প্রযুক্তির এই বিপ্লব মানুষের দৈনন্দিন জীবন এবং অর্থনৈতিক কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এনেছে। উৎপাদন, কৃষি, ব্যবসা এবং গ্রাহক সেবা- সব ক্ষেত্রেই এআই তার ভূমিকা পালন করছে। যা কাজের গতি বাড়াচ্ছে, খরচ কমাচ্ছে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করছে। ১৯৫০ সালে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা আবিষ্কার হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে অর্থনীতির বিভিন্ন খাতে এই প্রযুক্তি প্রভাব ফেলছে এবং এক নতুন যুগের সূচনা করছে। ফলে বিশ্বে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ধীরে ধীরে গড়ে উঠছে স্মার্ট অর্থনীতি।
স্মার্ট অর্থনীতি কী?
মূলতঃ স্মার্ট অর্থনীতি হলো একটি উন্নত অর্থনৈতিক ব্যবস্থা। যেখানে পুরানো পদ্ধতিগুলোকে নতুন প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নতুন ও সহজতর পদ্ধতি তৈরি করা হয়। আজকের বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং শিল্পের উৎপাদন বাড়ানোর জন্য স্মার্ট অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে নতুন প্রযুক্তির উদ্ভাবন, সম্পদের সঠিক ব্যবহার, পরিবেশের সুরক্ষা এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা সহজ হচ্ছে।
স্মার্ট অর্থনীতিতে যেভাবে সাহায্য করছে এআই:
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রাচীন কর্মধারার ধরন এবং পদ্ধতিতে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। একসময় যে কাজগুলো সম্পূর্ণরূপে মানুষের ওপর নির্ভরশীল ছিল, সেগুলো আজ মেশিনের সাহায্যে আরও সহজ, দ্রুত এবং সুনির্দিষ্টভাবে সম্পন্ন হচ্ছে। কৃষি, শিল্প ও ব্যবসাসহ প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রথাগত কাজের পদ্ধতিকে আধুনিক ও কার্যকর করেছে।
বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে কৃষিক্ষেত্রে এআই-এর ভূমিকা উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য। ১৯৫০ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা আবিষ্কারের পর থেকে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ার কারণে আগে যেখানে জমির উর্বরতা যাচাই, কীটনাশকের ব্যবহার এবং সেচ ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে কৃষকের অভিজ্ঞতার ওপর নির্ভর করত, সেখানে এখন সেন্সর, ড্রোন এবং ডেটা বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো আরও দ্রুত এবং নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে। এর ফলে উৎপাদন বেড়েছে এবং ফসলের অপচয় কমেছে। উদাহরণ স্বরূপ- ড্রোন এবং সেন্সর ব্যবহার করে জমির উর্বরতা মাপা হচ্ছে, যা ফসলের সঠিক যত্ন নিশ্চিত করছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে ইতোমধ্যেই ড্রোন প্রযুক্তি ব্যবহার করে কীটনাশক প্রয়োগে ২০% খরচ কমানো হয়েছে। এক্ষেত্রে আরেক বন্ধুদেশ চীন, সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নের ক্ষেত্রে মডেল বিবেচনা করা যায়। কেননা কৃষি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে তারা খুবই অগ্রগামী।
আবার শিল্প ক্ষেত্রে, বিশেষ করে উৎপাদনশীল খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক প্রক্রিয়ার মাধ্যমে কাজের ধরন পাল্টে দিয়েছে। পূর্বে যেখানে শত শত শ্রমিকের প্রয়োজন হতো, সেখানে এখন স্বয়ংক্রিয় মেশিন এবং এআই পরিচালিত সিস্টেম কাজ করছে। ২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতার মাত্রা ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আবার জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ তাদের কারখানায় রোবট এবং এআই সিস্টেম ব্যবহার করে প্রতিদিন ১ হাজার টির বেশি গাড়ি তৈরি করছে। এই প্রক্রিয়া শ্রম এবং সময় দুই-ই সাশ্রয় করছে।
ব্যবসা এবং গ্রাহকসেবায়ও কৃত্রিম বুদ্ধিমত্তা এক নতুন বিপ্লব এনেছে। আজকের স্মার্ট অর্থনীতি ক্রেতার চাহিদা বুঝতে, বাজার বিশ্লেষণ করতে এবং ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দিতে এআই প্রযুক্তির ওপর নির্ভর করছে। বড় বড় ই-কমার্স প্রতিষ্ঠান যেমন- অ্যামাজন ও ফ্লিপকার্ট এআই-নির্ভর অ্যালগরিদম ব্যবহার করে তাদের গ্রাহকের কেনাকাটার অভ্যাস বিশ্লেষণ করে পণ্য সুপারিশ করে। এর ফলে তাদের গ্রাহকের সন্তুষ্টি এবং বিক্রির হার দুই-ই বেড়েছে। এছাড়া ২০২২ সালে গুগল ও অ্যামাজন এআই প্রযুক্তি ব্যবহার করে ১৫-২০ শতাংশ মুনাফা বৃদ্ধিতে সক্ষম হয়েছে।
এছাড়াও অর্থনৈতিক নীতি ও সিদ্ধান্ত গ্রহণেও কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন দেশের সরকার এবং আর্থিক প্রতিষ্ঠান এখন এআই ব্যবহার করে ভবিষ্যতের অর্থনৈতিক সংকট পূর্বাভাস করছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। উদাহরণ স্বরূপ- ইউরোপীয় ইউনিয়ন তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাজার বিশ্লেষণ করছে। ২০২০ সালের করোনা মহামারির সময় এআই-ভিত্তিক পূর্বাভাস ইউরোপের কিছু দেশের সরকারের ত্রাণ প্যাকেজ পরিকল্পনায় সহায়ক হয়েছিল। এসব বাস্তব উদাহরণের সাহায্যে স্মার্ট অর্থনীতিতে কিভাবে এআই বিপ্লব ঘটাচ্ছে তা অনুমান করা যায়।
বাংলাদেশ এআই এর বিপ্লবে কতটুকু এগিয়ে বা পিছিয়ে?
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ধীরে ধীরে ব্যবহার শুরু হচ্ছে। তবে পুরোপুরি এর সুবিধা এখনও পাওয়া যায়নি। বাংলাদেশে কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখনও প্রাথমিক স্তরে রয়েছে। তবে কিছু প্রতিষ্ঠান যেমন: ব্র্যাক (বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি), কৃষকদের সহায়তায় প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। ব্র্যাক মূলতঃ কৃষকদের জন্য মোবাইল অ্যাপস এবং ডিজিটাল টুলস ব্যবহার করে বিভিন্ন কৃষি সেবা প্রদান করছে। তবে তা এআই প্রযুক্তি হিসেবে নয় বরং সাধারণ প্রযুক্তি হিসেবে। আবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) কৃষি খাতে বিভিন্ন পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। তবে এটি এখনও একেবারে সীমিত আকারে চলছে।
এছাড়া কিছু বেসরকারি উদ্যোগে অ্যাকুয়া টেকনোলজি নামে একটি কোম্পানি মাছ চাষে এআই ব্যবহার করছে।যাতে পানির গুণমান এবং মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করা যায়। কিন্তু পুরো দেশে কৃষি খাতে এআই প্রযুক্তির বিস্তার কম এবং এটি এখনও সাধারণ কৃষকের কাছে পৌঁছাতে অনেক সময় এবং বিনিয়োগের প্রয়োজন।
আবার দেশের শিল্পখাতে কিছু পোশাক কারখানায় যেমন: “এপেক্স ফ্যাশন” এবং “নিয়ন গার্মেন্টস” অটোমেশন ব্যবহার শুরু করেছে, যা উৎপাদন দ্রুত এবং সঠিকভাবে করতে সাহায্য করছে। তবে অধিকাংশ ছোট ও মাঝারি শিল্পে এটি সেভাবে ব্যবহার হচ্ছে না। ঢাকার অনেক পোশাক কারখানায় জটিল কাজের ক্ষেত্রে মেশিন বা রোবটের বদলে শ্রমিকরা কাজ করছে, যা উৎপাদন সক্ষমতা কমিয়ে দিচ্ছে।
দেশের ব্যবসা ও ই-কমার্স খাতে “গ্রাব” এবং “দারাজ” গ্রাহকের পছন্দ ও আচরণ বুঝতে এআই ব্যবহার করছে। দারাজ তার গ্রাহকদের পছন্দ অনুযায়ী পণ্য সুপারিশ করতে এআই প্রযুক্তি ব্যবহার করছে, যা তাদের বিক্রয় বাড়াচ্ছে। তবে বাংলাদেশের ছোট ব্যবসা ক্ষেত্রগুলোতে এখনো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার শুরু হয়নি, ফলে তাদের বিক্রির সম্ভাবনা বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে কমে যাচ্ছে।
শিক্ষা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার শুরু হয়েছে। যেখানে এআই শিক্ষার্থীদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে সাহায্য করছে। তবে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে এআই ব্যবহারের সুযোগ এখনো তৈরি হয়নি।
বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কিছু উন্নত হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠান এআই প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। উদাহরণ স্বরূপ- কিছু হাসপাতাল যেমন: বাংলাদেশ মেডিকেল কলেজ ও এভারকেয়ার হসপিটাল এবং ঢাকা মেডিক্যাল ইমেজিংয়ের ক্ষেত্রে এআই ব্যবহার করছে। বিশেষ করে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই ছবি বিশ্লেষণ করতে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়া কিছু টেলিমেডিসিন প্ল্যাটফর্মেও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোগীদের স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। তবে পুরো দেশে স্বাস্থ্যখাতে এআই প্রযুক্তির ব্যাপক ব্যবহার এখনো শুরু হয়নি। এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং যথাযথ প্রশিক্ষণের অভাবের মতো বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে।
এআইকে কাজে লাগানোর পথে বাংলাদেশের বাধা:
কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবী ধারা বিশ্বের বিভিন্ন জায়গায় অভাবনীয় পরিবর্তন আনলেও কিছু প্রতিবন্ধকতা এখনো বাংলাদেশের উন্নতির গতিকে মন্থর করে রেখেছে। প্রথমতঃ এআই ব্যবহারের জন্য দরকারি প্রযুক্তি এখনো পুরোপুরি তৈরি হয়নি। দ্রুতগতির ইন্টারনেট, শক্তিশালী সার্ভার এবং ডেটা বিশ্লেষণের জন্য উন্নত যন্ত্রপাতি বাংলাদেশের অনেক এলাকায় সহজলভ্য নয়। বিশেষ করে গ্রামাঞ্চলে ইন্টারনেট সংযোগ অনেক সময় ঠিক মতো কাজ করে না, যা কৃষি বা ছোট ব্যবসায় এআই প্রযুক্তি ব্যবহারকে কঠিন করে তুলছে।
দ্বিতীয়তঃ দক্ষ লোকের অভাব বড় একটি সমস্যা। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। কিন্তু দেশের শিক্ষাব্যবস্থায় উন্নত তথ্যপ্রযুক্তি ও এআই এর বিভিন্ন খাত নিয়ে বিশেষ কোনো শিক্ষা বা প্রশিক্ষণ শিক্ষার্থীদের দেওয়া হয় না। ফলে, আমাদের দেশে এআই বিশেষজ্ঞ এবং দক্ষ ইঞ্জিনিয়ারের সংখ্যা কম।
তৃতীয়তঃ ডেটা সংগ্রহ ও সুরক্ষা নিশ্চিত করা আরেকটি বড় চ্যালেঞ্জ। এআই সিস্টেম চালানোর জন্য অনেক ডেটা দরকার হয়, যা সঠিকভাবে জমা করা এবং নিরাপদ রাখা কঠিন। ডেটার অপব্যবহার বা চুরি হওয়ার ঝুঁকিও রয়েছে, যা অনেক মানুষকে এআই ব্যবহার করতে নিরুৎসাহিত করছে। চতুর্থতঃ এআই প্রযুক্তি চালানোর জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ কম নয়। বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠান বা স্টার্টআপের কাছে এত বড় বিনিয়োগ করার সামর্থ্য নেই। ফলে, তারা এই প্রযুক্তি কাজে লাগাতে পারছে না।
এর পাশাপাশি এআই ব্যবহারের জন্য দেশে সঠিক নিয়ম-কানুন বা নীতিমালা তৈরি করা হয়নি। সরকারের দিক থেকে সঠিক পরিকল্পনার অভাব এবং পরিষ্কার দিকনির্দেশনা না থাকায় অনেক মানুষ এই প্রযুক্তি নিয়ে আগ্রহ হারাচ্ছে। তবুও এসব সমস্যার সমাধান করলে বাংলাদেশ এআই ব্যবহারে অনেক দূর এগিয়ে যেতে পারে। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের মাধ্যমে এআই প্রযুক্তিকে কাজে লাগানো সম্ভব হলে, দেশকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

