বিশ্বজুড়ে কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে , বদলে যাচ্ছে চাষাবাদের পদ্ধতি। বাংলাদেশেও ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে প্রযুক্তিনির্ভর কৃষির ধারণা।ফলে কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি শ্রম, সময় ও উৎপাদন ব্যয় কমানোর নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। কৃষির প্রায় সকল ক্ষেত্রেই এআই প্রয়োগ সম্ভব। মাটির গুণাগুণ নির্ধারণ, রোগ নির্ণয়, সেচ দেওয়া এবং কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে উৎপাদনশীলতাও বৃদ্ধি পাচ্ছে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় মানিকগঞ্জের তরুণের অনন্য সাফল্য
বাংলাদেশের মানিকগঞ্জের তরুণ হাসিবুর রহমান একটি পরিবেশবান্ধব ও যুগান্তকারী স্মার্ট কৃষি-রোবট তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করেছেন।তার তৈরি স্মার্ট কৃষি-রোবট আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১২ দেশের ১,২০০ প্রকল্পকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে, পেয়েছে প্ল্যাটিনাম উইনার অ্যাওয়ার্ড। এটি মাটি পরীক্ষা এবং স্বয়ংক্রিয়ভাবে সেচ দেওয়া,ফসলের মান যাচাই এবং ক্ষতিকারক পোকা বা রোগ শনাক্ত করা ও নির্দিষ্ট পরিমাণে সার ও কীটনাশক স্প্রে করা যাতে অপচয় না হয় তা করতে পারে।
অ্যাপ, ড্রোন ও ই-ভিলেজের প্রযুক্তিগত ছোঁয়া
এর আগে ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনা রয়েছে।অন্যতম হলো ‘ডা. চাষী’ নামে একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপটি ফসলের রোগ নির্ণয়ে সহায়তা করে। ফসলের ছবি তুলে অ্যাপের মাধ্যমে আপলোড করলে সমস্যার সঠিক বিশ্লেষণ করে দ্রুত সমাধান জানায়।আবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ‘রাইস সলিউশন’ নামে একটি অ্যাপ চালু করেছে, যা ধানের ক্ষেতের রোগ শনাক্ত করতে সক্ষম।ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাটির আর্দ্রতা পরিমাপ, ফসল রোপণের ডিজাইন, কীটনাশক প্রয়োগ এবং সার্বিক পর্যবেক্ষণ করা সম্ভব। এআই চালিত ড্রোন প্রযুক্তি কৃষিকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলছে।গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ‘ই-ভিলেজ’ নামক প্রকল্প বাস্তবায়ন করছে। এতে সেন্সরের মাধ্যমে ফসলি জমির মাটির স্বাস্থ্য সম্পর্কে জানা যায়।বাংলাদেশে উন্নত মসুরের জাত গ্রহণ নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, নতুন উন্নত জাত ব্যবহারে প্রতি হেক্টরে ফলন গড়ে ১৮১.১৪ কেজি বা ১৪.৩ শতাংশ বেশি হয়েছে। কৃষকের মোট মুনাফার মার্জিনও গড়ে ১৭.২৩ শতাংশ বেড়েছে। প্রযুক্তির উন্নয়ন এর মাধ্যমে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে।
মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও কৃষক শিক্ষার ঘাটতি
কিন্তু এইসব প্রযুক্তি যখন মাঠ পর্যায়ে যায় তখন আশানুরূপ ফলাফল দেখা যায় না। এর পিছনে রয়েছে গ্রামীণ কৃষকদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও প্রশিক্ষণের অভাব। কৃষকরা অনেক সময় পর্যাপ্ত জ্ঞান এর অভাব এ অতিরিক্ত সার ও কীটনাশক ব্যাবহার করে যা খাদ্যকেও বিষে পরিণীত করে।এই চ্যালেঞ্জ দূর করতে প্রশিক্ষণ কর্মসূচি ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। আবার,অনেক কৃষকরা এখনো প্রচলিত চাষাবাদ পদ্ধতিতে অভ্যস্ত হওয়ায় নতুন প্রযুক্তি পরিচালনা, এর কার্যকারিতা বোঝা এবং সমস্যা সমাধানে অসুবিধার মুখে পড়তে পারেন। তাই কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, সহজ ভাষায় প্রযুক্তির ব্যবহার শেখানো এবং মাঠপর্যায়ে কারিগরি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
অর্থায়ন ও বাণিজ্যিক উৎপাদনের সীমাবদ্ধতা
অপরদিকে,কৃষি-রোবটের মতো উদ্ভাবনী প্রযুক্তি মাঠপর্যায়ে নিয়ে যেতে গবেষণা,বাণিজ্যিক উৎপাদন ও কৃষকদের মধ্যে বিতরণে উল্লেখযোগ্য অর্থায়ন প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত সরকারি অনুদান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা না থাকলে উদ্ভাবকদের পক্ষে এসব প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ফলে সম্ভাবনাময় উদ্ভাবন আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও বাস্তবে কৃষিকাজে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করা যায় না।
বাণিজ্যিকভাবে এইসব প্রযুক্তি আনতে গেলে সেন্সর, মোটর, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ আমদানি নির্ভর তাই উৎপাদন ও মেরামতের ব্যয় বাড়তে পারে। দেশে প্রয়োজনীয় যন্ত্রাংশের সহজলভ্যতা এবং দক্ষ মেরামতসেবা সীমিত হলে কৃষি রোবট দীর্ঘ সময় অকার্যকর থাকার ঝুঁকিও রয়েছে। এতে রোবটের রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যেতে পারে যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
বাণিজ্যিক রূপান্তর ও মাঠপর্যায়ের প্রয়োগ
আবার মাঠ পর্যায়ে আনলেই যে সফল হবে এমন ও নয় ,পরীক্ষাগারে সফল হলেও তা বাস্তব কৃষিকাজে সমান কার্যকর হবে, এমন নিশ্চয়তা নেই। জমির ধরন, আবহাওয়া, ফসলের বৈচিত্র্য, পরিচালন ব্যয় ও রক্ষণাবেক্ষণের মতো বিষয় মাঠপর্যায়ে প্রযুক্তিটির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। তাই কৃষকের জমিতে দীর্ঘমেয়াদি পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে এর উৎপাদনশীলতা, ব্যয় সাশ্রয় ও ব্যবহারিক উপযোগিতা যাচাই করা জরুরি।তারপরেই বড় পরিসরে তা বাস্তবায়ন করা যেতে পারে। অন্যথায়,প্রযুক্তি ব্যবহারে আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকে।
সর্বোপরি,বাংলাদেশের কৃষিতে প্রযুক্তিনির্ভর রূপান্তর ত্বরান্বিত করতে শুধু নতুন উদ্ভাবন যথেষ্ট নয়, প্রয়োজন গবেষণায় বিনিয়োগ, মাঠপর্যায়ে কার্যকারিতা যাচাই, কৃষকদের প্রশিক্ষণ এবং সাশ্রয়ী ব্যবহারের সুযোগ নিশ্চিত করা।২০২৫–২৬ অর্থবছরে কৃষি ও পল্লিঋণ বিতরণ হয়েছে ৪২ হাজার ৮৩৪ কোটি টাকা হলেও সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে মোট ঋণ বিতরণ ছিল মোট কৃষি ও পল্লিঋণের মাত্র ০.৯৩ শতাংশ।তাই সরকারি সহায়তা, দেশীয় উৎপাদন সক্ষমতা ও বেসরকারি বিনিয়োগের সমন্বয় করতে পারলেই কৃষি-রোবটের মতো উদ্ভাবন পরীক্ষাগার বা আন্তর্জাতিক স্বীকৃতির গণ্ডি পেরিয়ে বাস্তব কৃষিকাজে ভূমিকা রাখতে পারে।
কৃষিবিদ নুয়াল আল যুগমী মৈত্রী
রিসার্চার (ফিন্যান্স, ট্রেড ও কমার্স)সিটিজেন্স ভয়েস

