দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করে সংগঠনটি। এর আগে গত শনিবার সোনার দাম কমিয়ে প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়েছে। সংগঠনটির সর্বশেষ সমন্বয়ের ফলে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ১৩১ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৬৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬৭ বার কমানো হয়েছে। এ ছাড়া মূল্য সংযোজন করসংক্রান্ত কারণে একবার সমন্বয় করা হয়েছে।
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ২ হাজার ২১৬ টাকা।

