বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসা কর্মক্ষম জনগোষ্ঠীর সুবিধা ধীরে ধীরে কমছে। ২০৪৫ সাল থেকে জনসংখ্যার বয়স বৃদ্ধি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, দুর্বল কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও পেনশন ব্যবস্থা বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ আরও বাড়াবে।
বিশ্বব্যাংকের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত বৃদ্ধির কারণে মাথাপিছু প্রকৃত জিডিপি প্রবৃদ্ধিতে প্রতিবছর গড়ে ০.৪ শতাংশীয় পয়েন্ট অবদান যুক্ত হয়েছে। ২০২৫ থেকে ২০৪৪ সাল পর্যন্ত তা কমে ০.২ শতাংশীয় পয়েন্টে দাঁড়াতে পারে। এরপর এ অবদান নেতিবাচক হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সাল থেকে বাংলাদেশ বার্ধক্যজনিত জনমিতিক পরিবর্তনের পর্যায়ে প্রবেশ করবে। ২০৫১ সালের মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত ১৪ শতাংশে পৌঁছাতে পারে। এ পরিবর্তনে বাংলাদেশের সময় লাগবে মাত্র ২৪ বছর, যেখানে উন্নয়নশীল অর্থনীতিতে গড়ে ৩২ বছর লাগে।
দেশের শ্রমবাজারের দুর্বলতাও উদ্বেগজনক। বর্তমানে প্রায় ৮৪ শতাংশ শ্রমিক অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার মাত্র ৩৮ শতাংশ। অন্যদিকে, ১০ বছর বয়সী শিশুদের সহজ লেখা পড়ে বুঝতে না পারার হার ৫১ শতাংশ। এসব ঘাটতি কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার চিত্রও সন্তোষজনক নয়। শহরের তুলনায় গ্রামে চিকিৎসকের ঘনত্ব ১৮ গুণ কম। দেশের স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯ শতাংশ মানুষকে নিজ পকেট থেকে বহন করতে হয়। কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ১ শতাংশ আনুষ্ঠানিক পেনশন ব্যবস্থায় অবদান রাখেন। বয়স্কদের প্রায় অর্ধেক সামাজিক পেনশনের আওতায় থাকলেও সুবিধার পরিমাণ খুবই সীমিত।
বিশ্বব্যাংকের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিসকা ওহন্সর্জে বলেন, জনসংখ্যার বয়স বৃদ্ধির প্রভাব মোকাবিলায় এখনই নীতিগত পদক্ষেপ নেওয়া জরুরি। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান প্রতিবেদনটিকে বড় ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, বিষয়টি শুধু জনসংখ্যার নয়; অর্থনীতি, কর্মসংস্থান, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত।
বিশ্বব্যাংকের মতে, ভবিষ্যৎ সমৃদ্ধি ধরে রাখতে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বয়স্কদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

