ঐতিহ্য আর দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি সিরাজগঞ্জের তাঁতপণ্য এখন দেশের বাজার ছাড়িয়ে জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। জেলার লুঙ্গি, গামছা ও শাড়ির চাহিদা বাড়ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে। আড়াই লক্ষাধিক তাঁতকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শিল্পে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় ১০ লাখ মানুষের। প্রতিবছর এখানে উৎপাদিত হচ্ছে আনুমানিক দেড় হাজার কোটি টাকার তাঁতপণ্য।
তাঁতশিল্পে সিরাজগঞ্জের বিশেষ অবদান ও ঐতিহ্যকে তুলে ধরতে জেলাটিকে ‘তাঁতকুঞ্জ সিরাজগঞ্জ’ নামে ব্র্যান্ডিং করা হয়েছে। একসময় এ অঞ্চলের তাঁতপল্লিগুলো হস্তচালিত তাঁতের ছন্দময় শব্দে মুখর থাকত। সময়ের পরিবর্তনে ঐতিহ্যবাহী এই শিল্পে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। উৎপাদন বাড়াতে অনেক কারখানায় ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎচালিত পাওয়ার লুম। বর্তমানে হ্যান্ডলুম ও পাওয়ার লুম মিলিয়ে জেলায় সক্রিয় তাঁতের সংখ্যা আড়াই লাখের বেশি।
তাঁতশ্রমিকদের ভাষ্য, সারা বছরই এ শিল্পে কাজের সুযোগ থাকে। তবে বাংলা নববর্ষ এবং দুই ঈদকে ঘিরে উৎপাদন ও বিক্রির ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। এসব উৎসবের আগে বাড়তি কাজের সুযোগ তৈরি হওয়ায় শ্রমিকদের আয়ও বাড়ে। এতে অনেক পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসে।
স্থানীয় তাঁত মালিক আসাদ মুন্সি জানান, সিরাজগঞ্জের লুঙ্গি, শাড়ি ও গামছার চাহিদা দেশের প্রায় সব অঞ্চলেই রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা স্থানীয় হাটে এসে এসব পণ্য সংগ্রহ করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারেও নিয়মিত রপ্তানি হচ্ছে এখানকার তাঁতপণ্য।
বেলকুচি তাঁত মালিক সমিতির সাধারণ সম্পাদক বৈদ্যনাথের তথ্য অনুযায়ী, জেলার আড়াই লক্ষাধিক তাঁতে প্রায় ১০ লাখ মানুষ কাজ করছেন। স্থানীয় কারিগরদের দক্ষতা ও উন্নত মানের পণ্যের কারণে সিরাজগঞ্জের তাঁতশিল্প দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জের লুঙ্গি ও গামছা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ায় এ শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও কারিগরদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
সমিতির সভাপতি হাজি আব্দুল বাকী বলেন, জিআই স্বীকৃতি এই শিল্পের সঙ্গে জড়িত মানুষের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি। এর ফলে আন্তর্জাতিক বাজারে সিরাজগঞ্জের তাঁতপণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, দেশের বেশ কয়েকটি বড় কোম্পানি সিরাজগঞ্জের স্থানীয় হাট ও কারখানা থেকে সরাসরি লুঙ্গি ও গামছা সংগ্রহ করে বিদেশে রপ্তানি করছে। এর মাধ্যমে সৌদি আরব ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে এ অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁতপণ্য।
সূত্র: দৈনিক ইত্তেফাক

