বিশ্বজুড়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে হালাল পণ্যের বাজার। খাদ্য থেকে শুরু করে পোশাক, ওষুধ, প্রসাধনী ও পর্যটন—বিভিন্ন খাতে তৈরি হচ্ছে নতুন ব্যবসার সুযোগ। বিশাল এই বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে একটি স্বতন্ত্র হালাল শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়েছেন ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা। তাঁদের মতে, সম্ভাবনা থাকা সত্ত্বেও কার্যকর সমন্বয়, আন্তর্জাতিক মানের সনদ ও পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাংলাদেশ এখনো এই বাজারের পুরো সুবিধা নিতে পারছে না।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক বিনিয়োগবিষয়ক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তাঁরা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা অনুসরণ করে বাংলাদেশ হালাল শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন। তাঁদের মতে, এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে হালাল পণ্যের মান নিয়ন্ত্রণ, সনদ প্রদান, বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
বিডিফেয়ার্স ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা অ্যাচিভার্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইনভেস্টরস মিট আপ ৩.০’ শীর্ষক অনুষ্ঠানে এসব প্রস্তাব উঠে আসে। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
ইসলামি শরিয়াহ অনুযায়ী যেসব পণ্য ব্যবহার, ভোগ বা ক্রয় করা বৈধ, সেগুলোকে হালাল পণ্য হিসেবে বিবেচনা করা হয়। তবে বর্তমান বিশ্ববাজারে হালাল শিল্পের পরিধি শুধু খাদ্যপণ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। ওষুধ, প্রসাধনী, পোশাক, পর্যটন এবং সরবরাহ ব্যবস্থাপনাতেও হালাল মান অনুসরণের গুরুত্ব বাড়ছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. মমিনুল ইসলাম। তিনি ডিনার স্ট্যান্ডার্ডের ‘গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০২৪’-এর তথ্য তুলে ধরে জানান, ২০২৪ সালে বৈশ্বিক হালাল বাজারের মূল্য ছিল প্রায় ৭ লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলার। প্রতিবছর গড়ে ৬ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধির মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে এই বাজারের আকার ১২ লাখ ৬০ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাঁর উপস্থাপনা অনুযায়ী, বিশ্বে প্রায় ১৯০ কোটি মুসলিম ভোক্তা হালাল পণ্যের একটি বড় বাজার তৈরি করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় অংশ খাদ্য খাতের, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার কোটি ডলার। এরপর রয়েছে ফ্যাশন খাত, যার বাজার প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি ডলার। পর্যটন খাতের বাজার ১ লাখ ৩০ হাজার কোটি ডলার এবং ওষুধশিল্পের বাজার ১ লাখ ২৪ হাজার কোটি ডলার। অন্যদিকে হালাল প্রসাধনীর বাজার প্রায় ৪ হাজার ৬০০ কোটি ডলার।
বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি তুলে ধরে মমিনুল ইসলাম জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশ থেকে ৯৪ কোটি ৩০ লাখ ডলারের হালাল পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে ৮০২টি পণ্য এবং ৩০১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালাল সনদ পেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম হওয়ায় দেশের অভ্যন্তরেই হালাল পণ্যের বড় বাজার রয়েছে। পাশাপাশি ইসলামি সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য হয়ে উঠতে পারে। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে হলে আন্তর্জাতিক মানের সনদ, নির্ভরযোগ্য পরীক্ষাব্যবস্থা এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, বাংলাদেশ থেকে প্রায় ৯০ কোটি ডলারের প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে উৎপাদিত হওয়ার কারণে এসব পণ্যকে স্বাভাবিকভাবেই হালাল হিসেবে ধরে নেওয়া হয়। আন্তর্জাতিক ক্রেতারা অবশ্য এ ধরনের ধারণার ওপর নির্ভর করেন না। তাঁদের কাছে গ্রহণযোগ্য সনদ ও মান নিশ্চিত করার প্রমাণ প্রয়োজন।
তাঁর মতে, পণ্যের পরীক্ষা, আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণ, ভোক্তা ও উৎপাদকদের সচেতনতা এবং কাঁচামালের উৎস শনাক্ত করার ব্যবস্থা উন্নত করা গেলে বড় ধরনের নতুন বিনিয়োগ ছাড়াই হালাল শিল্প দেশের অর্থনীতিতে অতিরিক্ত ৮০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলার যোগ করতে পারে।
তিনি জানান, রপ্তানিকারক, প্রবাসী বাংলাদেশি এবং শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে বিসিআই ইতিমধ্যে হালাল শিল্পের জন্য নীতিমালার একটি খসড়া প্রস্তুত করেছে।
দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিসিআই সভাপতি। তাঁর মতে, কৃষি, প্রবাসী আয় ও রপ্তানি—অর্থনীতির গুরুত্বপূর্ণ এই তিন খাতের অগ্রগতি স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে পোশাকশিল্পে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সীমিত হচ্ছে।
এ পরিস্থিতিতে অর্থনীতিতে নতুন সম্ভাবনাময় খাত যুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। হালাল শিল্পের পাশাপাশি হালকা প্রকৌশল খাতেও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ কাজ করছে বলে জানান পারভেজ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে হালকা প্রকৌশল খাতের বাজার প্রায় ৭ লাখ কোটি ডলারের হলেও সেখানে বাংলাদেশের রপ্তানি ২০ কোটি ডলারের নিচে।
হালাল শিল্পের বিকাশে অর্থায়নের অভাবের চেয়ে সচেতনতার ঘাটতি ও প্রচলিত দৃষ্টিভঙ্গিকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেন তিনি। তাঁর মতে, উৎপাদক ও ব্যবসায়ীদের মধ্যে আন্তর্জাতিক হালাল বাজারের চাহিদা, মানদণ্ড এবং সম্ভাবনা সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করা জরুরি।
মূল প্রবন্ধে হালাল শিল্পে বিনিয়োগের বেশ কয়েকটি সম্ভাবনাময় ক্ষেত্র তুলে ধরা হয়। এর মধ্যে কৃষিপ্রযুক্তি, উন্নতমানের বীজ, জৈব পদ্ধতিতে উৎপাদিত চাল এবং কৃষিভিত্তিক হালাল পণ্যের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি পণ্য সংরক্ষণাগার, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, শীতলীকরণ ব্যবস্থা এবং বন্দরভিত্তিক সরবরাহ অবকাঠামোকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
সমুদ্রসম্পদভিত্তিক অর্থনীতিতেও হালাল শিল্পের নতুন সম্ভাবনা রয়েছে বলে জানান মমিনুল ইসলাম। বিশেষ করে সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাতকরণের পর অবশিষ্ট অংশ ব্যবহার করে হালাল জেলাটিন উৎপাদনের সুযোগ রয়েছে। এই জেলাটিন খাদ্য, ওষুধ ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া মুক্তা ও মূল্যবান রত্ন চাষের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।
তবে এসব সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে উৎপাদনের প্রতিটি ধাপে হালাল মান বজায় রাখা বড় চ্যালেঞ্জ। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণ পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় শরিয়াহসম্মত পদ্ধতি অনুসরণ নিশ্চিত করতে হবে।
এ জন্য সুশাসন, মান নিয়ন্ত্রণ, আর্থিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক বিপণনকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রস্তাব দেন মমিনুল ইসলাম। তিনি বলেন, তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের আধুনিক প্রযুক্তি, ইন্টারনেটভিত্তিক যন্ত্রব্যবস্থা এবং বিশেষ সংকেতের মাধ্যমে পণ্যের উৎস ও চলাচল শনাক্ত করার পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
হালাল শিল্পে বিনিয়োগের জন্য ইসলামি অর্থায়ন পদ্ধতি ব্যবহারের সম্ভাবনাও তুলে ধরা হয়। এর মধ্যে মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, ইজারা, সালাম ও ইস্তিসনা পদ্ধতির কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের হালাল বাজারের আকার প্রায় ৬০ হাজার কোটি ডলার। এই অঞ্চলে হালাল পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। শুধু মুসলিম ভোক্তারাই নন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পণ্যের উৎস সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার কারণে অমুসলিম ক্রেতাদের মধ্যেও হালাল পণ্যের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে বলে তাঁরা উল্লেখ করেন।
তবে বাংলাদেশে হালাল শিল্পের বিকাশে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা রয়েছে। বক্তাদের মতে, আন্তর্জাতিক মান অনুসরণের ঘাটতি, পর্যাপ্ত সনদব্যবস্থার অভাব এবং ভোক্তা ও উদ্যোক্তাদের সীমিত সচেতনতা এই খাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সনদসংক্রান্ত শর্তের মধ্যে পার্থক্য থাকায় উদ্যোক্তাদের জন্য জটিলতা তৈরি হচ্ছে বলে আলোচনায় উঠে আসে। একই সঙ্গে দেশে আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন পরীক্ষাগারের অভাবকেও গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়।
হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য শুধু উৎপাদন প্রক্রিয়া যথাযথ হওয়াই যথেষ্ট নয়। পণ্যে ব্যবহৃত কাঁচামাল, উপাদান এবং প্রাণিজ উপকরণের উৎস সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যও নিশ্চিত করতে হয়। বাংলাদেশে এই তথ্য যাচাই ও অনুসরণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এখনো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বক্তারা মনে করেন, এসব সমস্যা সমাধানে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে সমন্বিত কার্যক্রম প্রয়োজন। পৃথক হালাল শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হলে সরকারি সংস্থা, উৎপাদনকারী প্রতিষ্ঠান, রপ্তানিকারক এবং আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে সমন্বয় বাড়ানো সম্ভব হবে।
একই সঙ্গে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সনদ প্রদান, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং নতুন বাজার অনুসন্ধানের কাজ আরও কার্যকরভাবে পরিচালনা করা যাবে বলে তাঁদের প্রত্যাশা।
বিশ্বের হালাল পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও সেখানে বাংলাদেশের অংশগ্রহণ এখনো সীমিত। সংশ্লিষ্টদের মতে, দেশের বড় অভ্যন্তরীণ বাজার, বিদ্যমান শিল্প অবকাঠামো এবং রপ্তানি সক্ষমতাকে কাজে লাগিয়ে এই খাতে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।
তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আন্তর্জাতিক মানের সনদব্যবস্থা, স্বচ্ছ সরবরাহব্যবস্থা এবং কার্যকর নীতিগত সমন্বয় নিশ্চিত করতে হবে। এ কারণেই হালাল শিল্পের জন্য একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি সামনে এনেছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।

