রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এরই মধ্যে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলসে আখ মাড়াই শুরু হয়েছে। বাকি আটটি চিনিকল নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে উৎপাদনে যাবে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ জানিয়েছেন, নাটোরের গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলসে ইতোমধ্যে প্রায় ৪০০ টন চিনি উৎপাদিত হয়েছে। অন্য চিনিকলগুলোও নির্ধারিত সময়ে চালুর প্রস্তুতি নিচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, নাটোর সুগার মিলস ও রাজশাহী সুগার মিলসে ১৩ নভেম্বর থেকে আখ মাড়াই শুরু হবে। জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলস চালু হবে ২৭ নভেম্বর। আর ঠাকুরগাঁও সুগার মিলসে উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে ৪ ডিসেম্বর। গত ২ নভেম্বর শিল্প মন্ত্রণালয় এসব সময়সূচি জানিয়েছিল।
অন্য চারটি চিনিকল আগামী ১৮ ডিসেম্বর থেকে আখ মাড়াই শুরু করবে। এগুলো হলো জয়পুরহাট সুগার মিলস, চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ), ঝিনাইদহের নলডাঙ্গায় মোবারকগঞ্জ সুগার মিলস এবং মধুখালীর ফরিদপুর সুগার মিলস।
তবে উৎপাদন শুরুর এই উদ্যোগের মধ্যেও রাষ্ট্রায়ত্ত চিনিশিল্পের বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে ধারাবাহিক লোকসান ও উচ্চ উৎপাদন ব্যয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির মোট লোকসান হয়েছে ৫৫৪ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ৫০৮ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান বেড়েছে ৪৬ কোটি ১২ লাখ টাকা। তবে এই হিসাব শুধু চালু থাকা নয়টি চিনিকলের নয়, করপোরেশনের সব স্থাপনার সম্মিলিত আর্থিক ফলাফল।
চালু থাকা নয়টি চিনিকলের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে একমাত্র কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড মুনাফা করেছে। প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ছিল ৯৭ কোটি ৮ লাখ টাকা।
চিনির উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যেও বড় ব্যবধান রয়েছে। করপোরেশনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতি কেজি চিনি উৎপাদনে সুদসহ ব্যয় হয়েছে ২৬০ টাকা ১৪ পয়সা। সুদ বাদ দিলে এই ব্যয় দাঁড়ায় ১৮১ টাকা ৭৩ পয়সা। অথচ সরকার নির্ধারিত প্রতি কেজি চিনির বিক্রয়মূল্য ছিল ১২৫ টাকা।
সে হিসাবে প্রতি কেজি চিনি উৎপাদনে সুদসহ ব্যয় ও নির্ধারিত বিক্রয়মূল্যের ব্যবধান ১৩৫ টাকা ১৪ পয়সা। ফলে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি ব্যয় কমানোও চিনিকলগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দেশের মোট চাহিদার তুলনায় রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর উৎপাদনও অনেক কম। গত ২০২৪-২৫ অর্থবছরে নয়টি চিনিকলে ৮ লাখ ৩৯ হাজার ২১১ টন আখ মাড়াই করে ৪৬ হাজার ১৮৭ টন চিনি উৎপাদন করা হয়েছে। অন্যদিকে দেশে বছরে চিনির চাহিদা প্রায় ২০ লাখ টন। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত এসব চিনিকলের উৎপাদন দেশের বার্ষিক চাহিদার প্রায় ২ দশমিক ৩১ শতাংশ।
করপোরেশন বলছে, চিনিকলগুলোর লোকসানের অন্যতম কারণ পর্যাপ্ত আখের অভাব। কারখানাগুলোর মাড়াই সক্ষমতা অনুযায়ী আখ সরবরাহ না হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি পুরোনো যন্ত্রপাতি ও কারখানার অবকাঠামোগত সীমাবদ্ধতাও উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
বর্তমানে করপোরেশনের অধীনে মোট ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ছয়টি চিনিকল ২০২০-২১ অর্থবছর থেকে বন্ধ রয়েছে। বাকি নয়টি চিনিকলে মৌসুমভিত্তিক উৎপাদন কার্যক্রম চালু রাখা হচ্ছে।
চিনি উৎপাদনের হার বাড়াতে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে করপোরেশন। চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ জানিয়েছেন, প্রতিদিন চিনিকলগুলোর আখ মাড়াই ও চিনি উৎপাদনের তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। মৌসুমের শুরুতে আখ থেকে চিনি আহরণের হার প্রায় ৫ শতাংশ থাকলেও পরবর্তী সময়ে তা ৬ শতাংশ বা তার বেশি হবে বলে আশা করছেন তাঁরা।
চিনি আহরণের হার কম হওয়ার পেছনে কারিগরি সমস্যাসহ বিভিন্ন কারণ রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কারখানায় পরিষ্কার ও উন্নত মানের আখ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া উৎপাদন বাড়ানোর দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে উন্নত জাতের আখ চাষের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। করপোরেশনের পক্ষ থেকে মধুখালী ও নাটোরে পরীক্ষামূলকভাবে উন্নত জাতের আখ চাষ করা হচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যে নয়টি চিনিকল চালু করা সম্ভব হলেও পর্যাপ্ত আখ সরবরাহ, চিনি আহরণের হার বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের ওপরই চলতি মৌসুমের আর্থিক ফলাফল অনেকাংশে নির্ভর করবে।

