কিউ-ক্যাশ নেটওয়ার্কে কার্ড, এটিএম, পিওএসসহ ডিজিটাল পেমেন্ট সেবা বিঘ্নিত হওয়ার ঘটনায় পেমেন্ট সিস্টেম অপারেটর ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (আইটিসিএল)-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার পাঠানো ওই নোটিশে প্রতিষ্ঠানটির কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে না।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আইটিসিএলের ব্যাখ্যা পর্যালোচনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে আইনের লঙ্ঘনের প্রমাণ মিলেছে। সফটওয়্যার ভেন্ডর লাইসেন্স স্থগিত করার পর নিয়ন্ত্রক সংস্থার আগাম অনুমোদন ছাড়াই আইটিসিএল সিস্টেম মাইগ্রেশনের চেষ্টা করেছিল। পেমেন্ট সিস্টেম সুপারভিশন বিভাগ (পিএসএসডি) বিষয়টি শনাক্ত করে। বাংলাদেশ ব্যাংকের মতে, এটি পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেমস আইন ২০২৪-এর ৮(৪) ধারার লঙ্ঘন, যার শাস্তির বিধান রয়েছে ৩৭(৫) ধারায়। আইটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দিন মুনিরের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও বার্তা পাঠিয়েও তাঁকে পাওয়া যায়নি।
কিউ-ক্যাশের সেবা ৪ থেকে ১০ অক্টোবর বন্ধ থাকার কথা ছিল। ৬ অক্টোবর রাত ১০টায় সেবা চালু হলেও নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ৩০টির বেশি ব্যাংকের লেনদেন ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত হয়। এতে কার্ড, এটিএম, পিওএস, আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার, ই-কমার্স, বাংলা কিউআর এবং মোবাইল ব্যাংকিংয়ের ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা ক্ষতিগ্রস্ত হয়। জরুরি প্রয়োজনে টাকা তুলতে বা লেনদেন করতে গিয়ে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে সেবা স্বাভাবিক আছে।
কিউ-ক্যাশ নেটওয়ার্কের সফটওয়্যার সরবরাহকারী যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কম্পাস প্লাসের সঙ্গে আইটিসিএলের আর্থিক বিরোধ থেকেই এ সংকটের সূত্রপাত। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে সাপোর্ট ফি পরিশোধের কথা থাকলেও তা করেনি আইটিসিএল। চলতি বছরের আগস্টে কম্পাস প্লাস ১৩টি ইনভয়েস পাঠিয়ে ২০১৯ থেকে ২০২৬ সময়ের জন্য ৫ লাখ ৫০ হাজার ডলার বকেয়া দাবি করে এবং বকেয়া না মেটালে সাপোর্ট বন্ধের হুঁশিয়ারি দেয়। এর আগে জুনে সফটওয়্যার লাইসেন্স ব্যবহারে অনিয়ম ও ডিস্ট্রিবিউটর চুক্তির একাধিক শর্ত ভঙ্গের অভিযোগও তুলেছিল প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও আইটিসিএলের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ৬০ দিনের সময় দেওয়া হলেও আইটিসিএল এসব অভিযোগের জবাব দিতে বা সমাধান করতে পারেনি। ভেন্ডর সাপোর্ট বন্ধ করলে বিকল্প ব্যবস্থায় সেবা চালু রাখারও কোনো প্রস্তুতি তাদের ছিল না। পরে কম্পাস প্লাস দূর থেকে সিস্টেমের লাইসেন্স স্থগিত করলে ব্যাংকগুলোর পেমেন্ট সেবা বন্ধ হয়ে যায়।
বিভ্রাটের পর বাংলাদেশ ব্যাংকের একটি দল আইটিসিএলের প্রধান কার্যালয়ে বিশেষ পরিদর্শন চালায়। আইটিসিএলের এক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় তারা তাৎক্ষণিকভাবে ১ লাখ ৩৫ হাজার ডলার পরিশোধ করে, যার ফলে ৬ অক্টোবর রাতে সেবা চালু হয়। এরপর ২৯ অক্টোবর আরও ১ লাখ ১৮ হাজার ডলার দেওয়া হয়েছে। বাকি অর্থের মধ্যে ১৫ নভেম্বরের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৪৫৪ ডলার এবং ৩০ ডিসেম্বরের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ডলার পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে বাংলাদেশ ব্যাংক আইটিসিএলকে জানিয়ে দিয়েছে, বকেয়া মেটানো ও সেবা পুনরুদ্ধার করলেও অনুমোদন ছাড়া সিস্টেম মাইগ্রেশনের চেষ্টার দায় থেকে প্রতিষ্ঠানটি অব্যাহতি পাবে না। এ ধরনের মাইগ্রেশনের আগে পেমেন্ট সিস্টেম অপারেটরদের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

