পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। এর মধ্যেই দেশের বাজারে বাড়তে শুরু করেছে ছোলার দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম ২০ টাকার বেশি বেড়েছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন ক্রেতারা। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। এক সপ্তাহ আগেও এর দাম ছিল ১০০ টাকার নিচে। অন্যদিকে ছোলার ডাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ছোলার দাম ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, রমজানের অনেক আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে। এর পেছনে ব্যবসায়ীদের কারসাজি থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা।
বাজারে আসা এক ক্রেতা জানান, এক সপ্তাহ আগে তিনি প্রতি কেজি ছোলা ১০০ টাকায় কিনেছিলেন। এখন একই ছোলা কিনতে ১১০ টাকা দিতে হচ্ছে। সামনে দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আরেক ক্রেতার অভিযোগ, রমজানে বেশি ব্যবহৃত হয় এমন পণ্যের দাম প্রতিবছরই আগে থেকে বাড়তে শুরু করে। এবারও রমজানের কয়েক মাস আগেই ছোলার বাজারে সেই প্রবণতা দেখা যাচ্ছে।
দেশে সাধারণ সময়ে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২ হাজার টন ছোলার চাহিদা থাকে। তবে রমজান মাসে এই চাহিদা কয়েক গুণ বেড়ে ৮০ হাজার থেকে ১ লাখ টনে পৌঁছায়। চাহিদার এই বড় পরিবর্তনকে কেন্দ্র করে বাজারে আগাম মজুত ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়।
চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকেরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় ছোলার উৎপাদন কম হওয়ায় গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে আমদানির বুকিং মূল্য বেড়েছে। বর্তমানে প্রতি টন ছোলার বুকিং মূল্য প্রায় ৮৫০ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে বেড়েছে জাহাজভাড়া ও পরিবহন ব্যয়।
চাক্তাই-খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জাহেদী বলেন, বাংলাদেশের ছোলার বাজার পুরোপুরি আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব তাই সরাসরি দেশের বাজারে পড়ছে। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে প্রতি টন ছোলার দামে ৭০০ থেকে ৮০০ ডলারের পরিবর্তন ঘটেছে।
তবে বাজার বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশের আমদানি শুল্ক ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতাও ছোলার দাম বাড়ার পেছনে ভূমিকা রাখছে।
তাঁদের অভিযোগ, রমজানের তিন থেকে চার মাস আগে থেকেই কিছু ব্যবসায়ী ছোলা মজুত করতে শুরু করেন। পরে সরবরাহ সংকটের কথা বলে বেশি দামে পণ্য বিক্রি করা হয়। এমন পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রমজানের আগে আমদানি শুল্ক প্রত্যাহার করলেও অনেক সময় তার সুফল সাধারণ ক্রেতারা পান না।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাঁর মতে, ব্যবসায়ীরা দাম বাড়ার পেছনে নানা কারণ তুলে ধরেন। কিন্তু সেসব তথ্য কতটা সঠিক এবং দেশে আমদানি করা ছোলার প্রকৃত মূল্য কতটা বেড়েছে, তা যাচাই করা প্রয়োজন। বাজারে বিভিন্ন মানের ছোলা থাকায় সেগুলোর দামও আলাদাভাবে পর্যালোচনা করা উচিত।
দেশে ছোলা আমদানি ও বিপণনের প্রায় ৯৯ শতাংশই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। ফলে এই বাজারে সরকারের সরাসরি প্রভাব তুলনামূলক সীমিত।
বাজার বিশ্লেষকদের মতে, ছোলার দাম নিয়ন্ত্রণে শুধু খুচরা বাজারে অভিযান চালানো যথেষ্ট নয়। আমদানিকারক থেকে শুরু করে পাইকারি ও খুচরা ব্যবসায়ী পর্যন্ত প্রতিটি পর্যায়ের কেনাবেচার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা প্রয়োজন।
এতে কোন পর্যায়ে কত দামে ছোলা কেনাবেচা হচ্ছে, কোথায় অস্বাভাবিক মজুত তৈরি হচ্ছে এবং সরবরাহে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কি না, তা শনাক্ত করা সহজ হবে।
রমজানের আগে ছোলার চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকেই বাজার তদারকি জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, আমদানি ব্যয় ও সরবরাহের প্রকৃত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গেলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো সম্ভব হতে পারে।

