মানুষের আয় বাড়ছে, অথচ কেনাকাটা কমছে। কেন এমন হচ্ছে? এর পেছনে অনেকগুলো চাপ একসঙ্গে কাজ করছে। মানুষের আয় পণ্যের দাম বাড়ার সঙ্গে তাল মেলাতে পারছে না, অনেক পরিবারের জমানো টাকা শেষের দিকে, আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানুষকে খরচের বিষয়ে আরও সতর্ক করে তুলছে। এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে খুচরা ব্যবসায়। ঢাকার পুরোনো বিপণিবিতান ও অলিগলির দোকানগুলোতে ক্রেতা কমছে। কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি গত ১ অক্টোবর বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার আগে সেখানে ১৯৮টি দোকানের মধ্যে চালু ছিল মাত্র ২৫টি। দোকান মালিক সমিতির আশঙ্কা, রাজধানীর আরও ১০ থেকে ১২টি শপিং সেন্টার একই ধরনের ঝুঁকিতে রয়েছে।
পরিবারের কেউ অসুস্থ হলে মাসের হিসাব এলোমেলো হয়ে যায়
সমস্যার শুরু আয় ও পণ্যের দামের ব্যবধানে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ মানুষের আয় যতটা বাড়ছে, পণ্যের দাম বাড়ছে তার চেয়ে বেশি।
এটি এক মাসের সমস্যা নয়। টানা ৫৬ মাস ধরে মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির হারের ওপরে রয়েছে। ২০২২ সালের জানুয়ারির পর মজুরি আর একবারও মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যেতে পারেনি। ফলে বেতন বাড়লেও সেই টাকা দিয়ে আগের মতো পণ্য কেনা যাচ্ছে না।
আগস্টে মূল্যস্ফীতি কিছুটা কমার খবরে অনেকে স্বস্তি পেয়েছিলেন। কিন্তু মূল্যস্ফীতি ৮ শতাংশ থাকার অর্থ পণ্যের দাম কমে গেছে, এমন নয়। বরং আগের বছরের তুলনায় দাম আরও ৮ শতাংশ বেড়েছে। শুধু দাম বাড়ার গতিটা কিছুটা ধীর হয়েছে।
| “একটি মধ্যবিত্ত পরিবারের মাস শেষে হাতে থাকে মাত্র ৭০ টাকা।” |
তবে বিবিএসের মজুরি সূচকের একটি সীমাবদ্ধতা রয়েছে। এই সূচকে কৃষি, শিল্প ও সেবা খাতের ৬৩ ধরনের পেশার শ্রমিকদের মজুরি বিবেচনা করা হয়। ফলে বেতনভোগী মধ্যবিত্তের আয়ের পুরো চিত্র এখানে পাওয়া যায় না। মধ্যবিত্ত পরিবারের অবস্থা বুঝতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) একটি জরিপ গুরুত্বপূর্ণ।
গত বছরের মে মাসে ৮ হাজারের বেশি পরিবারের ওপর চালানো ওই জরিপে দেখা গেছে, একটি মধ্যবিত্ত পরিবারের গড় মাসিক আয় ৩২ হাজার ৬৮৫ টাকা। বিপরীতে গড় খরচ ৩২ হাজার ৬১৫ টাকা। অর্থাৎ মাস শেষে পরিবারের হাতে থাকে মাত্র ৭০ টাকা। এমন অবস্থায় নতুন পোশাক বা গৃহস্থালি সামগ্রী কেনার কথা ভাবাও কঠিন। পরিবারের কেউ অসুস্থ হলে পুরো মাসের হিসাব এলোমেলো হয়ে যেতে পারে। জরিপে অংশ নেওয়া ৬৭ দশমিক ৪ শতাংশ পরিবার চিকিৎসা ব্যয়কে আর্থিক কষ্টের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।
হাতে টাকা না থাকলে ছাড় দিয়েও কেনাকাটায় আগ্রহী করা কঠিন
আয়ের চেয়ে খরচ বেশি হলে সেই ঘাটতি মেটাতে সাধারণত দুটি পথ থাকে। জমানো টাকা খরচ করা অথবা ধার করা। কিন্তু এই দুই পথও দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিবিএসের ২০২৫ সালের জীবনযাত্রার মান জরিপে দেখা গেছে, গত এক বছরে দৈনন্দিন খরচ মেটাতে ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ধার করেছে। গ্রামাঞ্চলে এই হার প্রায় ৫২ শতাংশ। সিটি করপোরেশন এলাকায় তা ৩২ শতাংশের কিছু বেশি।
জরিপটি ৩ হাজার পরিবারের ওপর চালানো হয়েছে। তাই একে পুরো দেশের পরিবারের অবস্থার নিখুঁত চিত্র না ধরে একটি প্রবণতার ইঙ্গিত হিসেবে দেখছি। তবে পিপিআরসির জরিপের তথ্যও একই দিকে ইঙ্গিত দেয়।
এখানে অর্থনীতির একটি পুরোনো ধারণা কাজে লাগে। ১৮৫৭ সালে জার্মান পরিসংখ্যানবিদ আর্নস্ট এঙ্গেল দেখিয়েছিলেন, মানুষের আয় যত কম হয়, মোট খরচের মধ্যে খাবারের পেছনে ব্যয়ের অংশ তত বাড়ে। অর্থনীতিতে এটি এঙ্গেলের সূত্র নামে পরিচিত। পিপিআরসির হিসাবেও দেখা যায়, সবচেয়ে কম আয়ের ৪০ শতাংশ পরিবার তাদের মোট খরচের ৫৪ দশমিক ৯ শতাংশ খাবারের পেছনে ব্যয় করে।
অর্থাৎ স্বল্প আয়ের পরিবারের বেশির ভাগ টাকা খাবার কিনতেই চলে যায়। বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য জরুরি খরচ মেটানোর পর পোশাক, জুতা, প্রসাধনী বা বাইরে খাওয়ার মতো খাতে ব্যয় কমানোর সুযোগ থাকে। সংকট বাড়লে এসব খরচই সবার আগে বাদ পড়ে।
এর প্রভাব এখন খুচরা বাজারেও দেখা যাচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক অনুসন্ধানে ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি করা লাইফস্টাইল ও ফ্যাশন পণ্যের বিক্রি ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমেছে। একটি বিউটি ও লাইফস্টাইল চেইন প্রতিষ্ঠান ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও ব্যবসা ধরে রাখার চেষ্টা করছে। এগুলো ব্যবসায়ীদের নিজস্ব হিসাব, সরকারি পরিসংখ্যান নয়। তবে কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলেও বাজারের চাপের একই চিত্র পাওয়া যায়।
যেমন, ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চলতি বছরের প্রথম ছয় মাসে মুনাফা কমেছে ৪৮ শতাংশ। এর একটি কারণ রাজস্ব কমে যাওয়া। তবে সব প্রতিষ্ঠান একই পরিস্থিতিতে নেই। একই সময়ে বাটা বাংলাদেশের মুনাফা বেড়েছে ৮৬ শতাংশ। অর্থাৎ খুচরা বাজারের সব ব্যবসা সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না।
|
“মূল্যস্ফীতি কমার সঙ্গে মজুরিও তাল মিলিয়ে বাড়লে আমরা স্বাগত জানাতাম।” ___সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম |
তবু একটি বিষয় লক্ষ করার মতো। দোকানে ৫০ বা ৭০ শতাংশ ছাড় দিয়েও যখন ক্রেতা পাওয়া যাচ্ছে না, তখন বুঝতে হবে সমস্যা শুধু পণ্যের দামে নয়। হাতে টাকা থাকলে বেশি দামের পণ্য না কিনে মানুষ কম দামের পণ্য বেছে নিতে পারে। কিন্তু হাতে বাড়তি টাকাই না থাকলে ছাড় দিয়েও তাকে কেনাকাটায় আগ্রহী করা কঠিন।
অন্যদিকে সুপারশপে ক্রেতার সংখ্যা বাড়ছে
এবার বাজারের আরেকটি দিক দেখা যাক। একদিকে পুরোনো মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়ছে, অন্যদিকে সুপারশপে ক্রেতার সংখ্যা বাড়ছে। স্বপ্নের হিসাবে, তিন বছর আগে তাদের দোকানগুলোতে প্রতিদিন গড়ে ৬৫ থেকে ৭০ হাজার ক্রেতা আসতেন। এখন সেই সংখ্যা প্রায় ১ লাখ ৪৩ হাজারে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর মতে, ২০২৪ সালের শেষ দিকে সুপারশপের ওপর বাড়তি ভ্যাট প্রত্যাহার করায় খোলা বাজারের সঙ্গে দামের পার্থক্য কমে এসেছে। এটিও ক্রেতা বাড়ার একটি কারণ।
দোকান মালিকদের বক্তব্যেও কেনাকাটার ধরনে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। এখন ক্রেতারা কোনো পণ্য কেনার আগে অনলাইন ও বিভিন্ন দোকানে দাম তুলনা করতে পারেন। ফলে কেনাকাটার জন্য তাঁদের সব সময় শপিং কমপ্লেক্সে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।
তাহলে কি পুরোনো বিপণিবিতানগুলোর মন্দার জন্য সুপারশপ ও অনলাইন কেনাকাটাই দায়ী? পুরো বিষয়টি এমন নয়। কারণ সংগঠিত খুচরা ব্যবসা বা সুপারশপ এখনো দেশের মোট খুচরা বাজারের মাত্র ৪ থেকে ৫ শতাংশ। এত ছোট বাজার একাই হাজার হাজার দোকানের ক্রেতা কেড়ে নিতে পারে না।
বরং দুটি পরিবর্তন একসঙ্গে ঘটছে। একদিকে মানুষের মোট কেনাকাটার সামর্থ্য কমেছে। অন্যদিকে যে টাকা তাঁরা খরচ করছেন, তার একটি অংশ চলে যাচ্ছে এমন জায়গায় যেখানে দাম তুলনা করা সহজ, পণ্যের মান সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং একই স্থানে প্রয়োজনীয় অনেক কিছু কেনা সম্ভব। পুরোনো মার্কেটগুলোর যেসব দোকানে দাম নিয়ে অনিশ্চয়তা রয়েছে কিংবা কেনাকাটার পরিবেশ ভালো নয়, তারা এই পরিবর্তনের কারণে বাড়তি চাপে পড়ছে।
| কেউ নিজের জমানো টাকা ভেঙে কর্মচারীদের বেতন দিচ্ছেন,
কেউ আবার লাভ ছাড়াই পণ্য বিক্রি করে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। |
পুরোনো মার্কেটগুলোর আরেকটি সমস্যা হলো, বিক্রি কমলেও পরিচালন খরচ কমে না। দোকান খোলা থাকুক বা বন্ধ থাকুক, ভাড়া, সার্ভিস চার্জ, কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল দিতে হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, প্রায় আড়াই বছর ধরে মার্কেটগুলোতে তীব্র মন্দা চলছে। অনেক দোকানি তিন থেকে পাঁচ দিন পর্যন্ত কোনো পণ্য বিক্রি করতে পারেন না। কেউ নিজের জমানো টাকা ভেঙে কর্মচারীদের বেতন দিচ্ছেন, কেউ আবার লাভ ছাড়াই পণ্য বিক্রি করে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
অর্থনীতিতে এই পরিস্থিতিকে বলা হয় অপারেটিং লিভারেজ। সহজভাবে বললে, ব্যবসার কিছু খরচ একই থাকে, বিক্রি বাড়ুক বা কমুক। ফলে বিক্রি সামান্য কমলেও লাভ অনেক বেশি কমে যেতে পারে। কর্ণফুলী গার্ডেন সিটির ঘটনাটি এর একটি উদাহরণ। বিপণিবিতানটির ১৯৮টি দোকানের মধ্যে বন্ধ হওয়ার আগে চালু ছিল মাত্র ২৫টি। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে, মার্কেটটি পরিচালনায় মাসে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হতো। অথচ দোকান থেকে সার্ভিস চার্জ হিসেবে আদায় হতো মাত্র ১ থেকে দেড় লাখ টাকা। দীর্ঘদিনের লোকসান ও বকেয়া বিদ্যুৎ বিলের চাপ শেষ পর্যন্ত বিপণিবিতানটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য করেছে।
তবে রাজধানীতে ঠিক কতটি দোকান বা বিপণিবিতান বন্ধ হয়েছে, তার হালনাগাদ সরকারি হিসাব পাই নি। তাই এই সংকটের চিত্র মূলত দোকান মালিক সমিতি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুজতে হচ্ছে।
মূল্যস্ফীতির বাইরেও যে চাপগুলো কেনাকাটা কমাচ্ছে
মানুষের কেনাকাটা কমার পেছনে শুধু আয় ও পণ্যের দামের ব্যবধান কাজ করছে না। ঋণ, কর্মসংস্থান ও জ্বালানির পরিস্থিতিও এতে ভূমিকা রাখছে।
প্রথমে ব্যাংকঋণের বিষয়টি দেখা যাক। আগস্টে নীতি সুদহার কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ করা হলেও বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি সেপ্টেম্বরে নেমে এসেছে ৪ দশমিক ১৭ শতাংশে, যা রেকর্ড সর্বনিম্ন। অন্যদিকে, জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশে পৌঁছেছে।
ব্যাংকগুলোর কাছে খেলাপি ঋণের চাপ বাড়লে নতুন ঋণ দেওয়ার ঝুঁকিও বাড়ে। ফলে অনেক ব্যাংক বেসরকারি খাতে ঋণ দেওয়ার পরিবর্তে তুলনামূলক নিরাপদ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে আগ্রহী হয়। ব্যবসায়ীদের জন্য ব্যাংকঋণের সুদও এখনো ১৩ শতাংশের ওপরে। এতে নতুন কারখানা স্থাপন, ব্যবসা সম্প্রসারণ কিংবা পুরোনো ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হয়।
ঋণ না পেলে ব্যবসা বাড়ে না, নতুন কারখানাও সহজে তৈরি হয় না। ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ কমে যায়। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, গত অর্থবছরে বেসরকারি বিনিয়োগ কমেছে এবং কর্মসংস্থান সৃষ্টির গতি থমকে আছে। অনেক নারীও কাজ হারিয়ে শ্রমবাজারের বাইরে চলে গেছেন। চাকরি থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে মানুষ স্বাভাবিকভাবেই ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখতে চায়। প্রয়োজন ছাড়া খরচ করতে আগ্রহী হয় না।
এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানির দাম বাড়ার চাপ। গত ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। জ্বালানির দাম বাড়ার পর বাস ও ট্রাকভাড়াও বেড়েছে। এর প্রভাব পড়েছে সবজি, ডিমসহ বিভিন্ন নিত্যপণ্যের দামে।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব মূল্যায়নেও মূল্যস্ফীতি নিয়ে প্রত্যাশা বেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে। এটি পূর্বাভাস, চূড়ান্ত হিসাব নয়। তবে আগামী দিনেও পণ্যের দাম বাড়তে পারে, এমন আশঙ্কা মানুষের কেনাকাটার সিদ্ধান্তে প্রভাব ফেলছে।
এখানে অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের ১৯৫৭ সালে দেওয়া স্থায়ী আয়ের তত্ত্বের কথাও মনে রাখা যায়। এই তত্ত্বের মূল কথা হলো, মানুষ শুধু আজ কত টাকা আয় করছে, তা দেখে খরচের সিদ্ধান্ত নেয় না। ভবিষ্যতে কত আয় করতে পারবে, সেই প্রত্যাশাও বিবেচনা করে। পরবর্তী গবেষণাগুলোতে দেখা গেছে, ভবিষ্যৎ আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে মানুষ সতর্কতামূলক সঞ্চয়ের দিকে ঝোঁকে। বিশেষ করে আগে থেকেই জমানো সম্পদ কমে গেলে এই প্রবণতা আরও বাড়ে।
সহজ কথায়, চাকরি থাকবে কি না, আগামী মাসে পণ্যের দাম কত হবে, পরিবারের কেউ অসুস্থ হলে খরচ কীভাবে চলবে, এমন প্রশ্ন মাথায় থাকলে হাতে কিছু টাকা থাকলেও মানুষ তা খরচ করতে চায় না।
সাময়িক ঝড়, নাকি বাজারের চেহারাই বদলে যাচ্ছে?
এই পরিস্থিতি সাময়িক, নাকি অর্থনীতির গভীর কোনো পরিবর্তনের লক্ষণ, তা বুঝতে তিনটি বিষয় দেখা প্রয়োজন। প্রথমটি হলো সময়। সাময়িক সংকট সাধারণত কয়েক মাসের মধ্যে কেটে যায়। কিন্তু বাংলাদেশে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির ব্যবধান চার বছরের বেশি সময় ধরে চলছে।
দ্বিতীয় বিষয়টি হলো সংকটের বিস্তার। এটি শুধু একটি খাত বা কয়েকটি বিপণিবিতানের সমস্যা নয়। মানুষের আয়, সঞ্চয়, ঋণ, ব্যাংকব্যবস্থা এবং কর্মসংস্থান সবখানেই চাপ রয়েছে। তৃতীয় বিষয়টি হলো, সমস্যাগুলোর সমাধান নিজে থেকেই হবে কি না। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা কমলে কিছুটা স্বস্তি আসতে পারে। কিন্তু খেলাপি ঋণ, বিনিয়োগে স্থবিরতা এবং অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ওপর অতিরিক্ত নির্ভরতার মতো সমস্যাগুলো নিজে থেকে দূর হওয়ার সম্ভাবনা কম।
বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামের প্রায় ৮৮ শতাংশ এবং শহরের প্রায় ৭৪ শতাংশ শ্রমিক অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। এসব কাজের ক্ষেত্রে নিয়মিত বেতন, চাকরির নিশ্চয়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে সীমিত। ফলে অর্থনৈতিক সংকট তৈরি হলে এই শ্রমিকদের আয় ও কর্মসংস্থান দ্রুত ঝুঁকিতে পড়ে।
|
বর্তমান পরিস্থিতিকে পুরোপুরি সাময়িক মন্দা বলা কঠিন। বরং সাময়িক অর্থনৈতিক চাপের সঙ্গে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা যুক্ত হয়েছে। |
এই তিনটি বিষয় বিবেচনায় নিলে বোঝা যায়, বর্তমান পরিস্থিতিকে পুরোপুরি সাময়িক মন্দা বলা কঠিন। বরং সাময়িক অর্থনৈতিক চাপের সঙ্গে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতাও যুক্ত হয়েছে। এর প্রভাবে খুচরা বাজারের ধরনও বদলাচ্ছে। সুপারশপ ও সংগঠিত চেইন ব্যবসার বিস্তার ঘটছে, পুরোনো বিপণিবিতানের অনেক দোকান টিকে থাকার লড়াই করছে। একই সঙ্গে আমদানি করা তুলনামূলক দামি পণ্যের পরিবর্তে স্থানীয় বিকল্পের দিকে ঝুঁকছেন অনেকে।
তবে এই চাপ সবার জন্য সমান নয়। গত অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩ হাজার ৫৬০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি। যেসব পরিবারের সদস্য বিদেশে কাজ করেন, তাদের অনেকেই প্রবাসী আয়ের কারণে তুলনামূলক স্বস্তিতে থাকতে পারেন। কিন্তু যেসব পরিবারের এমন আয়ের উৎস নেই, তাদের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি পড়তে পারে। তাই দেশের সব এলাকায় বা সব ধরনের দোকানে একই রকম মন্দা দেখা যাচ্ছে না। কোথাও ক্রেতার ভিড় বাড়ছে, আবার কোথাও দোকান ফাঁকা পড়ে থাকছে।
এখানে তথ্যের একটি সীমাবদ্ধতাও রয়েছে। ২০২৫ সালের পর শ্রমশক্তি জরিপের হালনাগাদ তথ্য না থাকায় বিশ্বব্যাংক দেশের শ্রমবাজারের পূর্ণাঙ্গ চিত্র বিশ্লেষণ করতে পারছে না। ফলে এই লেখায় বিভিন্ন জরিপ ও অর্থনৈতিক সূচকের ভিত্তিতে যে সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে, তা সামগ্রিক প্রবণতা বোঝার জন্য। একে প্রতিটি পরিবার বা ব্যবসার অবস্থা সম্পর্কে নির্ভুল হিসাব হিসেবে দেখা যাবে না।
তাহলে শুরুতে যে প্রশ্ন ছিল, তার উত্তর কী? মানুষের হাতে টাকা কম থাকাই একমাত্র সমস্যা নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে জমানো টাকা কমে যাওয়া এবং ভবিষ্যৎ নিয়ে আস্থার ঘাটতি। অর্থাৎ আয় বাড়লেও মূল্যস্ফীতির কারণে প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ছে না, অনেক পরিবারের সঞ্চয় শেষ হয়ে আসছে, আর চাকরি ও ব্যবসার অনিশ্চয়তা মানুষকে খরচের বিষয়ে সতর্ক করছে।
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানও অর্থনীতির বর্তমান সমস্যার পেছনে শুধু টাকার ঘাটতি নয়, মানুষের আস্থার ঘাটতিকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখেছেন। এই আস্থা ফিরতে হলে শুধু পণ্যের দাম কমার অপেক্ষায় থাকলে হবে না। মানুষের আয় যেন নিয়মিতভাবে মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারে, কর্মসংস্থান বাড়ে এবং ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহী হন, সেই পরিবেশ তৈরি করতে হবে।
যেদিন টানা কয়েক মাস মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যাবে, ব্যাংকঋণের প্রবাহ বাড়বে এবং মানুষ ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিন্ত হতে পারবে, সেদিনই কেনাকাটায় গতি ফেরার সম্ভাবনা তৈরি হবে। তার আগ পর্যন্ত কর্ণফুলী গার্ডেন সিটির সেই ২৫টি চালু দোকান শুধু একটি বিপণিবিতানের দুর্দশার গল্প নয়, দেশের খুচরা বাজারের সামনে কী ধরনের সংকট অপেক্ষা করছে, তারও একটি সতর্কবার্তা হয়ে থাকবে।
রাকিবুল ইসলাম
রিসার্চার (ফিন্যান্স, ট্রেড ও কমার্স)

