শিল্পকারখানায় বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং উৎপাদন ব্যয় কমাতে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরামর্শ দিয়েছেন অস্ট্রেলীয় বাণিজ্য ও বিনিয়োগ কমিশনের (অস্ট্রেড) ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মারে স্পেন্স। তাঁর মতে, নতুন করে জমি অধিগ্রহণ না করেই কারখানার অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে দেশে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো সম্ভব। একই সঙ্গে ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ এবং বিদ্যমান সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ সফরকালে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মারে স্পেন্স। গত ২৫ থেকে ২৭ অক্টোবর আটটি অস্ট্রেলীয় নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব তৈরি এবং সৌরবিদ্যুৎ, ব্যাটারি সংরক্ষণ ও পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগ খুঁজে দেখা।
মারে স্পেন্স বলেন, অনেক শিল্পপ্রতিষ্ঠান ইতোমধ্যে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও নিয়মিত দক্ষতা যাচাইয়ের অভাবে এসব ব্যবস্থার পুরো সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। নিয়মিত নিরীক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরি করা গেলে বিদ্যমান স্থাপনা থেকেই আরও বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব। এতে কারখানার নিজস্ব বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কমবে।
সৌরবিদ্যুতের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণেও গুরুত্ব দিয়েছেন তিনি। দিনের বেলায় সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের সবটুকু তাৎক্ষণিকভাবে ব্যবহার করা সম্ভব হয় না। ব্যাটারি ব্যবহার করে এই অতিরিক্ত বিদ্যুৎ জমিয়ে রাখা গেলে রাতে বা বিদ্যুতের চাহিদা বেশি থাকার সময়ে তা কাজে লাগানো যাবে। এতে গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। অস্ট্রেলিয়ায় সরকার সৌরবিদ্যুতের সঙ্গে যুক্ত ব্যাটারি স্থাপনে প্রায় ৩০ শতাংশ ছাড় দিচ্ছে। দেশটির এই অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন তিনি।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অস্ট্রেলীয় কোম্পানিগুলোর অংশীদারত্বের ওপর জোর দিয়েছেন মারে স্পেন্স। তাঁর মতে, অস্ট্রেলিয়া থেকে তৈরি যন্ত্রপাতি আমদানির পরিবর্তে প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ এবং স্থানীয় উৎপাদনের মাধ্যমে তুলনামূলক কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এতে একদিকে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে, অন্যদিকে অস্ট্রেলীয় কোম্পানিগুলোও বড় বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শুধু শুল্ক সুবিধা যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল নীতি, সহজ অনুমোদনপ্রক্রিয়া এবং গ্রিডে বিদ্যুৎ সরবরাহের স্পষ্ট নিয়ম থাকা প্রয়োজন। বিশেষ করে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ কীভাবে জাতীয় গ্রিডে বিক্রি করা যাবে, তার নির্ভরযোগ্য ব্যবস্থা থাকলে শিল্পপ্রতিষ্ঠানগুলো ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে আরও আগ্রহী হবে।
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক কমিয়ে মোট করভার ১ শতাংশে নামিয়ে আনার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। তবে এ সুবিধা দীর্ঘমেয়াদে বজায় রাখার বিষয়টিও বিবেচনার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে এই ১ শতাংশ কর সুবিধা ১৮০ দিনের জন্য কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। গত অক্টোবরে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সফরকালে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ তৈরির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষাও প্রকাশ করা হয়। এতে সৌরবিদ্যুৎ, ব্যাটারি সংরক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্বের সুযোগ তুলে ধরা হয়েছে।

