Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এলডিসি উত্তরণ পেছাল, আমরা কি সত্যি প্রস্তুত হচ্ছি, নাকি সময় নষ্ট করছি?
    অর্থনীতি

    এলডিসি উত্তরণ পেছাল, আমরা কি সত্যি প্রস্তুত হচ্ছি, নাকি সময় নষ্ট করছি?

    রাকিবুল ইসলামUpdated:নভেম্বর 10, 2026নভেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এআই জেনারেটেড প্রতীকী ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিতে আরও তিন বছর সময় দিয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় ২৯ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে পাস হওয়া প্রস্তাবে উত্তরণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর ২০২৯। আগে এই তারিখ ছিল ২০২৬ সালের একই দিন। নেপালও একই সুবিধা পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ হাতে পেয়েছে বাড়তি ১ হাজার ৯৬ দিন। কিন্তু পরীক্ষার তারিখ পিছিয়ে গেলে যেমন পড়াশোনা আপনা থেকে শেষ হয় না, তেমনি উত্তরণের সময় বাড়লেই দেশের অর্থনৈতিক প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় না। বরং এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে কোন সমস্যাগুলোর সমাধান করা যাবে, আর কোন কাজগুলো এখনই শুরু না করলে ২০২৯ সালেও একই জায়গায় আটকে থাকতে হবে।

    বাড়তি সময় পেয়েছে যে বিশেষ বিবেচনায়

    বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য জাতিসংঘের নির্ধারিত তিনটি সূচকেই প্রয়োজনীয় মান অর্জন করেছিল। সূচকগুলো হলো মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় তিনটি সূচকের অন্তত দুটিতে নির্ধারিত মান অর্জন করলেই কোনো দেশ উত্তরণের সুপারিশ পেতে পারে। বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের পর্যালোচনায় তিনটি সূচকেই উত্তীর্ণ হয়েছিল। সে অনুযায়ী ২০২৪ সালে উত্তরণের কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে সময় বাড়িয়ে ২০২৬ করা হয়।

    এরপর ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি সরকার আবারও সময় বাড়ানোর আবেদন করে। ৬ এপ্রিল প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে চিঠি লেখেন। বিষয়টি পর্যালোচনার পর জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি (সিডিপি) ইতিবাচক মত দেয়। পরে ২১ জুলাই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) সাধারণ পরিষদকে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করে।

    “সংস্কারের পরীক্ষাকাল, ছুটি নয়।”

    ___অধ্যাপক গোলাম রসুল, আইইউবিএটি                                       

    তবে সময় বাড়ানোর বিষয়টি সহজ ছিল না। অতীতে এ ধরনের ছাড় সাধারণত বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক বিপর্যয়ের পর দেওয়া হয়েছে। সলোমন দ্বীপপুঞ্জের মতো দেশও এমন সুবিধা পেয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ফেব্রুয়ারিতে লিখেছিলেন, বাংলাদেশের প্রধান সূচকগুলো নির্ধারিত সীমার ওপরে থাকায় শুধু পরিসংখ্যানের ভিত্তিতে উত্তরণ পিছিয়ে দেওয়ার যুক্তি দাঁড় করানো কঠিন। জাতিসংঘের প্রতিবেদনেও বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন নিজে থেকে উত্তরণ পিছিয়ে দেওয়ার স্বীকৃত কারণ নয়। তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের জটিলতা বিবেচনায় নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সময় বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করলেও সতর্ক করেছে, বারবার সময় বাড়ালে পুরো উত্তরণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ বাংলাদেশ এই বাড়তি সময় পেয়েছে বিশেষ বিবেচনায়, এটি কোনো শর্তহীন সুবিধা নয়।

    ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

    ঝুঁকির মাত্রা বুঝতে হলে রপ্তানির ওপর এলডিসি সুবিধার গুরুত্ব দেখতে হবে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রায় তিন-চতুর্থাংশ রপ্তানি কোনো না কোনোভাবে এলডিসি হিসেবে পাওয়া বিশেষ সুবিধার ওপর নির্ভরশীল। ইউএনসিটিএডির একটি হিসাব বলছে, এসব সুবিধা পুরোপুরি হারালে বাংলাদেশের রপ্তানি প্রায় এক-তৃতীয়াংশ কমে যেতে পারে। আর্থিক হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি। এটি অবশ্য নিশ্চিত পূর্বাভাস নয়, বরং নির্দিষ্ট কিছু শর্ত ধরে তৈরি করা একটি সম্ভাব্য পরিস্থিতির হিসাব। তবে এর বড় অংশের প্রভাব পড়তে পারে ইউরোপের বাজারে, বিশেষ করে তৈরি পোশাক ও জুতা রপ্তানিতে।

    সমস্যাটি আরও বড় হয়ে উঠতে পারে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করলে। ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকে উত্তরণের পর প্রায় ১২ শতাংশ শুল্ক বসার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ভিয়েতনামের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি থাকায় দেশটি শুল্কমুক্ত সুবিধা পাবে। ফলে একই পণ্য বিক্রির ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় ভিয়েতনামের দাম কম রাখার সুযোগ তৈরি হতে পারে।

    এখানে তিনটি আলাদা সময়সীমা একসঙ্গে কাজ করছে। প্রথমটি জাতিসংঘের উত্তরণের তারিখ, যা এখন ২০২৯ সালের ২৪ নভেম্বর। দ্বিতীয়টি ইউরোপের এভরিথিং বাট আর্মস বা ইবিএ সুবিধা। সাধারণ নিয়ম অনুযায়ী, এলডিসি থেকে উত্তরণের পর আরও তিন বছর এই সুবিধা পাওয়া যায়। সে হিসাবে বাংলাদেশের জন্য সময়টি ২০৩২ সালের শেষ পর্যন্ত গড়াতে পারে। কিন্তু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি বিশ্লেষণ অনুযায়ী, ইউরোপীয় কমিশন এখন পর্যন্ত অন্তত ২০২৯ সালের শেষ পর্যন্ত সুবিধা বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তাই ২০৩২ সাল পর্যন্ত সুবিধা পাওয়া যাবে, এমন ধরে নিয়ে বসে থাকা ঠিক হবে না। ঢাকার উচিত ব্রাসেলসের কাছ থেকে বিষয়টি লিখিতভাবে পরিষ্কার করা।

    তৃতীয় সময়সীমাটি আরও কাছের। ইউরোপের নতুন জেনারেলাইজড স্কিম অব প্রেফারেন্স বা জিএসপি বিধিমালা কার্যকর হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে, যা পরবর্তী ১০ বছর চলবে। অর্থাৎ বাংলাদেশের উত্তরণের তারিখ আসার আগেই ইউরোপের বাজারে প্রবেশের নতুন নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে।

    জিএসপি প্লাস কি বাংলাদেশের জন্য যথেষ্ট হবে?

    অনেকের ধারণা, ইবিএ সুবিধা শেষ হলে জিএসপি প্লাস বাংলাদেশকে রক্ষা করবে। এই ব্যবস্থায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা উন্নয়নশীল ও ভঙ্গুর অর্থনীতির দেশগুলো ইউরোপের বাজারে প্রায় দুই-তৃতীয়াংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেতে পারে। বাংলাদেশ এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে। কারণ ২০২৫ সালের নভেম্বরে আইএলওর সব মৌলিক কনভেনশন অনুমোদন করা প্রথম এশীয় দেশ হয়েছে বাংলাদেশ। তবে জিএসপি প্লাস পেলেই পোশাক রপ্তানিতে পুরোপুরি শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত হবে না। এখানে দুটি বড় বাধা রয়েছে।

    প্রথমটি হলো নতুন রক্ষাকবচ ধারা। কোনো দেশের পোশাক রপ্তানি জিএসপি সুবিধাভোগী দেশগুলোর মোট পোশাক রপ্তানির ৩৭ শতাংশ ছাড়িয়ে গেলে ইউরোপ সেই খাতে বিশেষ সুবিধা প্রত্যাহার করে সাধারণ শুল্ক আরোপ করতে পারে। বাংলাদেশের অংশ বর্তমানে আনুমানিক অর্ধেকের কাছাকাছি। ফলে জিএসপি প্লাস পেলেও তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা না পাওয়ার ঝুঁকি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একজন দূত অবশ্য আগে বলেছেন, ইউরোপীয় কমিশন কখনো এই স্বয়ংক্রিয় ধারা কার্যকর করেনি। তবু শুধু এই আশ্বাসের ওপর নির্ভর করে পরিকল্পনা করা ঠিক হবে না।

    শুধু পোশাক তৈরি করলেই হবে না,

    সেই পোশাক তৈরির কাপড়ও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী উৎপাদন করতে হবে।

    দ্বিতীয় বাধাটি হলো ডাবল ট্রান্সফরমেশন বা দ্বিগুণ রূপান্তরের শর্ত। সহজভাবে বললে, এই নিয়মে শুধু পোশাক তৈরি করলেই হবে না, সেই পোশাক তৈরির কাপড়ও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী উৎপাদন করতে হবে। কিন্তু বাংলাদেশের ওভেন পোশাকশিল্পের প্রয়োজনীয় কাপড়ের প্রায় ৬০ শতাংশ আমদানি করতে হয় বলে একটি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দেশে সুতা, কাপড় ও কৃত্রিম তন্তু উৎপাদনের সক্ষমতা বাড়ানো এখন শুধু শিল্পের বিকাশের বিষয় নয়, ইউরোপের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকারও শর্ত।

    ওষুধশিল্পের জন্য যে সময়সীমা সবচেয়ে গুরুত্বপূর্ণ

    পোশাকের বাইরে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী ও সংবেদনশীল খাত হলো ওষুধশিল্প। দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই তৈরি হয়। এই সক্ষমতা গড়ে ওঠার পেছনে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রিপস চুক্তির বিশেষ ছাড়ের বড় ভূমিকা রয়েছে। এলডিসি হিসেবে বাংলাদেশ ২০৩৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত পেটেন্টের রয়্যালটি না দিয়েই জেনেরিক ওষুধ উৎপাদনের সুযোগ পাচ্ছে। কিন্তু উত্তরণের পর এই সুবিধা কত দিন থাকবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন, ডব্লিউটিওর ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সিদ্ধান্তে বাংলাদেশ আরও তিন বছর সময় পেতে পারে। তবে অতীতের একটি সম্মেলনে উত্তরণ করা দেশগুলোর জন্য বাড়তি সময় দেওয়া হয়নি।

    সিপিডির মুস্তাফিজুর রহমানের আনুমানিক হিসাব অনুযায়ী, দেশে উৎপাদিত ওষুধের প্রায় ২০ শতাংশ এখনো পেটেন্টের আওতায় রয়েছে। অন্যদিকে ওষুধ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এপিআইয়ের জন্য বাংলাদেশ মূলত আমদানির ওপর নির্ভরশীল। ফলে এখানেও সময়সীমা নিয়ে লিখিত নিশ্চয়তা নেওয়া জরুরি। পাশাপাশি উত্তরণের পর রপ্তানি প্রণোদনা নিয়েও নতুন করে ভাবতে হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি বিশ্লেষণ অনুযায়ী, সরকার বছরে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা রপ্তানি প্রণোদনা হিসেবে ব্যয় করে। উত্তরণের পর ডব্লিউটিওর নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নগদ সহায়তা নতুনভাবে সাজাতে হবে। এখন থেকেই এই অর্থ উৎপাদন দক্ষতা, প্রযুক্তি ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর সঙ্গে যুক্ত করা গেলে শিল্পের দীর্ঘমেয়াদি লাভ হবে।

    তিন বছরে কোন সংস্কারগুলো করা সম্ভব?

    এবার সবচেয়ে কঠিন প্রশ্নে আসা যাক। বাড়তি তিন বছরে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার এখনই শুরু করলে উত্তরণের ঝুঁকি অনেকটা কমানো যাবে। আমার বিবেচনায়, এর প্রথম ধাপ হওয়া উচিত ব্যাংকিং খাত ও রাজস্ব ব্যবস্থার সংস্কার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে গত অর্থবছরে কর আদায়ের পরিমাণ জিডিপির মাত্র ৬ দশমিক ৯ শতাংশে আটকে ছিল।

    এই দুটি সমস্যার সঙ্গে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার সরাসরি সম্পর্ক রয়েছে। ব্যাংক দুর্বল হলে ব্যবসায়ীরা সহজে ও কম খরচে ঋণ পান না। ঋণের খরচ বাড়লে নতুন কারখানা স্থাপন, প্রযুক্তি কেনা বা উৎপাদন বাড়ানো কঠিন হয়। বিশেষ করে দেশে সুতা, কাপড় ও কৃত্রিম তন্তুর উৎপাদন বাড়াতে বড় বিনিয়োগ প্রয়োজন। আর সেই বিনিয়োগের জন্য দরকার সুস্থ ব্যাংকিং ব্যবস্থা। অর্থাৎ ব্যাংক খাতের সংস্কার না হলে শিল্পের প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করাও কঠিন হবে।

    রাজস্ব ব্যবস্থার সংস্কারও সমান জরুরি। কারণ মুক্ত বাণিজ্য চুক্তি বাড়লে আমদানি শুল্ক থেকে সরকারের আয় কমতে পারে। একই সঙ্গে এলডিসি উত্তরণের পর সহজ শর্তে ঋণ ও অন্যান্য সুবিধাও ধীরে ধীরে কমে আসবে। সরকারের নতুন রোডম্যাপে কর আদায় জিডিপির অন্তত ১০ শতাংশে উন্নীত করা এবং খেলাপি ঋণ ২০ শতাংশের নিচে নামানোর লক্ষ্য রয়েছে। তিন বছরে কর আদায়ের হার তিন শতাংশীয় পয়েন্টের বেশি বাড়ানো সহজ হবে না। তবে কর প্রশাসন স্বয়ংক্রিয় করা এবং অপ্রয়োজনীয় কর ছাড় কমানো গেলে এই লক্ষ্য অর্জনের পথ তৈরি হতে পারে।

    এই সময়ের মধ্যে কয়েকটি কাজ বাস্তবায়ন করা সম্ভব। যেমন, ইবিএ সুবিধা কত দিন থাকবে, সে বিষয়ে ইউরোপের কাছ থেকে লিখিত নিশ্চয়তা নেওয়া, জিএসপি প্লাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও আবেদন এগিয়ে নেওয়া এবং রক্ষাকবচ ধারায় বাংলাদেশের জন্য ছাড় আদায়ের চেষ্টা করা। একই সঙ্গে জাপানের সঙ্গে ফেব্রুয়ারিতে সই হওয়া অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির সুবিধা কাজে লাগানো এবং ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে।

    বিশ্ববাজারে পোশাকের প্রায় ৭০ শতাংশই তুলা ছাড়া অন্য তন্তু দিয়ে তৈরি,

    অথচ বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ৭০ শতাংশ তুলাভিত্তিক।

    তবে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো তিন বছরের কাজ নয়। সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, পোশাকের বাইরে বাংলাদেশের রপ্তানি বাড়াতে গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মুস্তাফিজুর রহমানের মতে, বিশ্ববাজারে পোশাকের প্রায় ৭০ শতাংশই তুলা ছাড়া অন্য তন্তু দিয়ে তৈরি, অথচ বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ৭০ শতাংশ তুলাভিত্তিক। এই ব্যবধান কমাতে কৃত্রিম তন্তু ও উচ্চমূল্যের পোশাক উৎপাদনে নতুন বিনিয়োগ দরকার। এর জন্য প্রয়োজন সহনীয় সুদ, নিরবচ্ছিন্ন জ্বালানি এবং সহজে ঋণ পাওয়ার সুযোগ। অর্থাৎ শিল্পের সক্ষমতা বাড়ানোর কাজও শেষ পর্যন্ত ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কারের ওপর নির্ভর করছে।

    ২০২৯ সালে আমাদের অর্জন কী হওয়া উচিত?

    অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, যার নাম বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি। কোনো সময়সীমা তখনই কার্যকর হয়, যখন সবাই বিশ্বাস করে সেটি আর পিছিয়ে দেওয়া হবে না। বারবার সময় বাড়ানো হলে সরকার, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যেও এমন ধারণা তৈরি হতে পারে যে প্রয়োজন হলে আবারও সময় নেওয়া যাবে। ইউরোপীয় ইউনিয়নের সতর্কবার্তার মূল বিষয়টিও এটিই। সিপিডিও বলেছে, ২০২৯ সালের পর আর নতুন করে সময় বাড়ানোর আশা করা ঠিক হবে না।

    তাই বাড়তি তিন বছরের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত সংস্কারের অগ্রগতি নিশ্চিত করার ব্যবস্থা তৈরি করা। সিপিডি ও অন্যান্য বিশ্লেষকেরা এ জন্য কয়েকটি প্রস্তাব দিয়েছেন। যেমন, উত্তরণ প্রস্তুতির রোডম্যাপ সংসদে উপস্থাপন করা, সাধারণ মানুষ যাতে অগ্রগতি দেখতে পারেন এমন একটি অনলাইন ড্যাশবোর্ড চালু করা এবং প্রতিটি লক্ষ্যের দায়িত্ব নির্দিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার হাতে দেওয়া। এতে কোন কাজ কতদূর এগোল, কোথায় বাধা তৈরি হচ্ছে এবং কার দায়িত্বে দেরি হচ্ছে, তা সহজে বোঝা যাবে।

    বাংলাদেশ আরও তিন বছর সময় পেয়েছে, কিন্তু সেই সময়ের সঙ্গে দায়িত্বও বেড়েছে। পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, ওষুধশিল্পের পেটেন্ট সুবিধা নিশ্চিত করা, ব্যাংকিং ও রাজস্ব খাতের সংস্কার এবং নতুন রপ্তানি বাজার তৈরি, প্রতিটি কাজের জন্য এখনই পরিকল্পনা ও বাস্তবায়ন দরকার। ১ হাজার ৯৬ দিনের এই সময় শেষ হলে বাংলাদেশ আবারও নিউইয়র্কের কাছে সময় চাইবে, নাকি নিজের প্রস্তুতি নিয়ে এলডিসি তালিকা থেকে বেরিয়ে আসবে, তার উত্তর নির্ভর করবে সিদ্ধান্ত ও কাজের ওপর। শেষ পর্যন্ত উত্তরণের দিন নির্ধারণ করবে জাতিসংঘ, কিন্তু উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকেই।

    রাকিবুল ইসলাম
    রিসার্চার (ফিন্যান্স, ট্রেড ও কমার্স)

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি ঝুলে আছে বিমানে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

    নভেম্বর 10, 2026
    অর্থনীতি

    মাছের সরবরাহ বাড়ছে তবু কেন এত দাম ইলিশের?

    নভেম্বর 10, 2026
    অর্থনীতি

    বিদেশি ঋণ ছাড় কমেছে ৪২ শতাংশ, বেড়েছে প্রতিশ্রুতি

    নভেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.