স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কড়াইল বস্তির উন্নয়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এডিবির অর্থায়নে দেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক পানি সম্পদ ও নগর উন্নয়ন বিভাগের পরিচালকসহ সংস্থাটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
আলোচনায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখার বিষয়েও উভয় পক্ষ একমত হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। উন্নয়ন কার্যক্রম যাতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কড়াইল বস্তির উন্নয়নে এডিবির নীতিগত সম্মতি পাওয়া গেলেও আর্থিক সহায়তার পরিমাণ কিংবা প্রকল্প বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

