চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট তৈরির সময় সরকারি ব্যয়ে লাগাম টানার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ভবন নির্মাণ, যানবাহন কেনা এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গত ৯ নভেম্বর অর্থ বিভাগ থেকে বাজেট পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, সংশোধিত বাজেটের মোট ব্যয় কোনোভাবেই মূল বাজেটে নির্ধারিত সীমা ছাড়াতে পারবে না। অতিরিক্ত বরাদ্দও দাবি করা যাবে না। তবে অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে মূল বাজেটের মোট সীমার মধ্যে বিভিন্ন খাত ও দপ্তরের বরাদ্দ পুনর্বিন্যাস করা যাবে। উন্নয়ন বাজেটের অর্থ পরিচালন বাজেটে স্থানান্তর করা যাবে না।
পরিপত্র অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের অধীন স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য সরকারি ভবন নির্মাণের বরাদ্দ স্থগিত থাকবে। তবে যেসব চলমান নির্মাণকাজের অন্তত ৭০ শতাংশ শেষ হয়েছে, সেগুলো অর্থ বিভাগের অনুমোদন নিয়ে চালিয়ে নেওয়া যাবে। জরুরি প্রয়োজনে অন্য নির্মাণকাজের ক্ষেত্রেও যথাযথ কারণ দেখিয়ে পৃথক অনুমোদন নিতে হবে।
যানবাহন কেনার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। মোটরযান, জলযান ও আকাশযান কেনার বরাদ্দ ব্যয় করা যাবে না। তবে টিওঅ্যান্ডই তালিকাভুক্ত ১০ বছরের বেশি পুরোনো গাড়ি প্রতিস্থাপন এবং নতুন প্রতিষ্ঠিত সরকারি সংস্থার জরুরি প্রয়োজনে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে যানবাহন কেনা যাবে। এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া নতুন কেনা বা প্রতিস্থাপিত সব গাড়ি ও জিপ সম্পূর্ণ বৈদ্যুতিক হতে হবে। ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যেতে পারে।
এ ছাড়া পরিচালন বাজেট থেকে জমি অধিগ্রহণ এবং সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম বরাদ্দ বন্ধ করা হয়েছে। সরকারি ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণও স্থগিত থাকবে। তবে অত্যাবশ্যকীয় প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সীমিত বরাদ্দ রাখা যাবে। আপ্যায়ন, সেমিনার ও সরকারি অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় রাখা হলেও আড়ম্বর পরিহার করে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উন্নয়ন বাজেটের ক্ষেত্রে প্রকল্পের সংখ্যা সীমিত রাখার পাশাপাশি বৈদেশিক ঋণ ও অনুদাননির্ভর প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে, এমন প্রকল্পও অগ্রাধিকার পাবে। একই ধরনের উদ্দেশ্য নিয়ে নেওয়া ছোট প্রকল্পগুলো একীভূত করে গুচ্ছ প্রকল্প হিসেবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। ধীরগতির প্রকল্পের বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ স্থানান্তরের নির্দেশনাও রয়েছে।
অর্থ বিভাগ সংশোধিত পরিচালন বাজেট ও এডিপিবহির্ভূত প্রকল্পের প্রাক্কলন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেছে আগামী ২৬ নভেম্বর। একই সময়ের মধ্যে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও প্রকল্পের প্রাক্কলন অর্থ বিভাগ এবং পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠাতে হবে। সব প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যাচাই ও অনুমোদন করতে হবে।

