চাকরি পেতে অভিজ্ঞতা লাগে। অথচ সেই অভিজ্ঞতা অর্জনের জন্য আগে একটি চাকরিতে ঢুকতে হয়। নতুন গ্র্যাজুয়েটদের জন্য এই পুরোনো সমস্যার সঙ্গে এখন যুক্ত হয়েছে নতুন প্রতিযোগী, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব আগে থেকেই উদ্বেগের কারণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ২৫ শতাংশ, যা কম শিক্ষিত সমবয়সীদের তুলনায় তিন গুণেরও বেশি। আইএমএফের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রায় এক দশক ধরে এই উচ্চ বেকারত্বের প্রবণতা চলছে। অর্থাৎ এআই এই সংকটের জন্ম দেয়নি। কিন্তু সংকট যখন আগে থেকেই আছে, তখন নতুন ধাক্কার ওজন অনেক বেশি লাগে।
তরুণদের বেকারত্ব সামগ্রিক তরুণ বেকারত্বের চেয়ে অনেক বেশি
আপনি হয়তো সম্প্রতি ৩৬ শতাংশের খবর দেখেছেন, কিংবা ২৯ শতাংশের। তিনটি সংখ্যাই আইএমএফের, তবে হিসাবের ধরন আলাদা। ২৫ শতাংশ এসেছে বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের ওপর ভিত্তি করা দেশভিত্তিক পর্যালোচনা থেকে। ৩৬ শতাংশ এসেছে আইএমএফের ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যা থেকে, যেখানে ১৫ থেকে ২৪ বছর বয়সী, উচ্চশিক্ষা পাওয়া এবং শ্রমশক্তির ভেতরে থাকা তরুণদের ধরা হয়েছে।
শ্রমশক্তি মানে যাঁরা কাজ করছেন অথবা সক্রিয়ভাবে কাজ খুঁজছেন। যাঁরা এখনো পড়াশোনায় আছেন, তাঁরা এই হিসাবে নেই। তাই বয়সের সীমা আর শিক্ষার সংজ্ঞা বদলালে শতাংশও বদলে যায়। তবে হিসাবের পার্থক্য থাকলেও মূল চিত্রটি একই। উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব সামগ্রিক তরুণ বেকারত্বের চেয়ে অনেক বেশি।
|
যাঁরা কাজ পেয়েছেন, তাঁদের প্রায় অর্ধেক এমন কাজে আছেন যেখানে পড়াশোনার যোগ্যতা পুরোপুরি কাজে লাগছে না। |
ব্যুরোর তথ্য অনুযায়ী উচ্চশিক্ষিত তরুণ চাকরিপ্রার্থীদের প্রতি তিনজনে একজন এক বছরের বেশি সময় ধরে বেকার। আইএমএফের আঞ্চলিক পর্যালোচনা অনুযায়ী যাঁরা কাজ পেয়েছেন, তাঁদের প্রায় অর্ধেক এমন কাজে আছেন যেখানে পড়াশোনার যোগ্যতা পুরোপুরি কাজে লাগছে না।
সদ্য গ্র্যাজুয়েটরা যেসব দায়িত্ব পান, তার অনেকগুলোই এআই দিয়ে করা সম্ভব
অর্থনীতিবিদ ডেভিড অটর, ফ্রাঙ্ক লেভি ও রিচার্ড মারনেন ২০০৩ সালের এক গবেষণায় দেখিয়েছিলেন, কম্পিউটার সবচেয়ে সহজে সেই কাজগুলো করতে পারে, যেগুলো নির্দিষ্ট নিয়ম মেনে বারবার করতে হয়। অর্থনীতিতে এ ধরনের কাজকে বলা হয় রুটিন কাজ। অন্যদিকে, সমস্যা সমাধান, বিশ্লেষণ ও জটিল যোগাযোগের প্রয়োজন হয় এমন কাজে প্রযুক্তি অনেক সময় মানুষের বিকল্প না হয়ে সহযোগী হিসেবে কাজ করে।
নতুন গ্র্যাজুয়েটরা সাধারণত কর্মজীবনের শুরুতে যেসব দায়িত্ব পালন করেন, তার অনেকগুলোই এই রুটিন কাজের মধ্যে পড়ে। যেমন তথ্য এন্ট্রি, হিসাবের প্রাথমিক মিল, গবেষণার জন্য তথ্য সংগ্রহ, সাধারণ কনটেন্ট লেখা এবং গ্রাহকদের নিয়মিত প্রশ্নের উত্তর দেওয়া। এসব কাজের অনেকটাই এখন এআই দিয়ে করা সম্ভব।
|
তরুণ কর্মীরা যা জানেন, তার অনেকটাই এআই এখন করতে পারে। _____এরিক ব্রিনিওলফসন, স্ট্যানফোর্ড ডিজিটাল ইকোনমি ল্যাবের পরিচালক |
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২৫ সালের বিশ্লেষণেও দেখা গেছে, জেনারেটিভ এআইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে কেরানিভিত্তিক কাজে। বিশ্বে প্রতি চারটি চাকরির প্রায় একটি কোনো না কোনোভাবে এই প্রযুক্তির সংস্পর্শে আসতে পারে। তবে এর অর্থ এই নয় যে প্রতি চারটি চাকরির একটি হারিয়ে যাবে। আইএলওর গবেষকদের মতে, বেশির ভাগ ক্ষেত্রে পুরো চাকরি বিলুপ্ত হওয়ার চেয়ে কাজের ধরন বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের বিপিও খাতের উদ্যোক্তারাও একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁদের মতে, ডেটা এন্ট্রি ও গ্রাহকসেবার মতো প্রাথমিক পর্যায়ের কাজগুলোতেই এআইয়ের প্রভাব আগে পড়ছে।
এআইয়ের প্রভাব কি চাকরির বাজারের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে?
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ডিজিটাল ইকোনমি ল্যাব ও এডিপির ২০২৫ সালের আগস্টে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, এআইয়ের প্রভাব বেশি এমন পেশাগুলোতে ২২ থেকে ২৫ বছর বয়সী কর্মীদের কর্মসংস্থান তুলনামূলকভাবে প্রায় ১৩ শতাংশ কমেছে। ২০২৬ সালের আগস্টে প্রকাশিত হালনাগাদ গবেষণায় এই ব্যবধান বেড়ে ১৯ শতাংশ হয়েছে। একই পেশায় অভিজ্ঞ কর্মীদের কর্মসংস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।
এশিয়ার চাকরির বাজারেও একই ধরনের প্রবণতার ইঙ্গিত পাওয়া গেছে। আইএমএফ ১৯টি এশীয় অর্থনীতির প্রায় চার কোটি অনলাইন চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করেছে। এতে দেখা যায়, ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর এআইয়ের প্রভাব বেশি এমন পেশাগুলোতে নিয়োগের চাহিদা অন্য পেশার তুলনায় সর্বোচ্চ প্রায় ১০ শতাংশ কমেছে। পরে এ পতন কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে আইএমএফের গবেষকেরা মনে করেন, নিয়োগ কমার পূর্ণ প্রভাব বুঝতে আরও সময় লাগবে।
একজন অভিজ্ঞ হিসাবরক্ষকও একসময় নতুন ছিলেন
অর্থনীতিবিদ কেনেথ অ্যারো ১৯৬২ সালে ‘লার্নিং বাই ডুয়িং’ বা কাজ করতে করতে শেখার ধারণাটি তুলে ধরেন। এর মূল কথা হলো, কাজের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ে। অর্থাৎ অভিজ্ঞতা শুধু প্রশিক্ষণ নিয়ে তৈরি হয় না, বাস্তবে কাজ করতে করতেও তৈরি হয়।
একজন অভিজ্ঞ হিসাবরক্ষকও একসময় নতুন ছিলেন। কর্মজীবনের শুরুতে তাঁকে হয়তো ভাউচার মেলানো, হিসাব পরীক্ষা কিংবা তথ্য সাজানোর মতো সাধারণ কাজ করতে হয়েছে। ধীরে ধীরে এসব কাজের মধ্য দিয়েই তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন কোনো প্রতিষ্ঠান যদি একজন জুনিয়র কর্মী নিয়োগ না করে এআই দিয়ে এসব কাজ করাতে পারে, তাহলে স্বল্পমেয়াদে তার খরচ কমতে পারে। কিন্তু সব প্রতিষ্ঠান একই পথে হাঁটলে ভবিষ্যতে অভিজ্ঞ কর্মী তৈরি হবে কীভাবে?
বাংলাদেশের জন্য বিষয়টি আরও জরুরি। কারণ আইএমএফের তথ্য বলছে, দেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব প্রায় এক দশক ধরে বেশি। তাঁদের অনেকে উপযুক্ত কাজ না পেয়ে তুলনামূলক কম উৎপাদনশীল খাতে কাজ খুঁজছেন। আইএমএফ একে বেকারত্বের চাপ সামাল দেওয়ার একটি ‘বাফার’ হিসেবে বর্ণনা করেছে।
| উচ্চশিক্ষিত নারীদের বেকারত্বের হার পুরুষদের তুলনায় দ্বিগুণেরও বেশি। |
নারীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন। আইএমএফের হিসাবে, উচ্চশিক্ষিত নারীদের বেকারত্বের হার পুরুষদের তুলনায় দ্বিগুণেরও বেশি। আইএলওর বিশ্লেষণ অনুযায়ী, কেরানিভিত্তিক ও গ্রাহকমুখী কাজে নারীদের অংশগ্রহণ বেশি। ফলে এসব কাজে এআইয়ের প্রভাব বাড়লে নারীরা তুলনামূলক বেশি ঝুঁকিতে পড়তে পারেন।
এআই নতুন ধরনের কাজের সুযোগও তৈরি করছে
এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে সম্ভাবনার অন্য দিকটিও বিবেচনায় রাখা প্রয়োজন। আইএমএফের গবেষক দিভ্যা কির্তি গত অক্টোবর মাসে ব্যাংককে এক আলোচনায় বলেছেন, তরুণ বা কর্মজীবনের শুরুর দিকের কর্মীরা অভিজ্ঞদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমন স্পষ্ট প্রমাণ তাঁদের গবেষণায় পাওয়া যায়নি। তবে এ নিয়ে উদ্বেগ রয়েছে।
আইএমএফের চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণেও দেখা গেছে, যেসব প্রতিষ্ঠান এআইসংশ্লিষ্ট দক্ষতা খুঁজছে, তাদের নিয়োগ বিজ্ঞাপন তুলনামূলক দ্রুত বাড়ছে। এমনকি এআইয়ের প্রভাব বেশি এমন পেশাতেও নতুন দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। অর্থাৎ এআই কিছু কাজের প্রয়োজন কমালেও নতুন ধরনের কাজের সুযোগও তৈরি করছে।
|
অনানুষ্ঠানিক কর্মসংস্থানের পরিধি অনেক বড়, সেখানে এসব তথ্য দিয়ে পুরো শ্রমবাজারের পরিস্থিতি বোঝা সম্ভব নয়। |
এখানে একটি সীমাবদ্ধতা মনে রাখা জরুরি। অনলাইন চাকরির বিজ্ঞাপনে মূলত আনুষ্ঠানিক খাতের নিয়োগের চিত্র উঠে আসে। বাংলাদেশের মতো দেশে, যেখানে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের পরিধি অনেক বড়, সেখানে এসব তথ্য দিয়ে পুরো শ্রমবাজারের পরিস্থিতি বোঝা সম্ভব নয়।
নতুনদের প্রস্তুতি, নীতিনির্ধারকদের দায়িত্ব ও সরকারের করণীয়
সব মিলিয়ে তিনটি বিষয় স্পষ্ট। প্রথমত, বাংলাদেশের শিক্ষিত তরুণদের বেকারত্বের সমস্যা এআই আসার আগেই তৈরি হয়েছে। উচ্চশিক্ষিত কর্মীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে ভালো চাকরির সুযোগ তৈরি হয়নি। এখন এআই সেই ব্যবধান আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।
দ্বিতীয়ত, এআইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নিয়ম মেনে বারবার করতে হয় এমন কাজগুলোতে। ফলে শুধু মুখস্থ জ্ঞান বা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করার দক্ষতা নিয়ে চাকরির বাজারে টিকে থাকা কঠিন হতে পারে। এর পরিবর্তে বিশ্লেষণ, যুক্তি প্রয়োগ, সমস্যা সমাধান, যোগাযোগ এবং এআই ব্যবহার করে কাজ করার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তৃতীয়ত, শুধু কর্মীদের দক্ষতা বাড়ালেই হবে না, প্রতিষ্ঠানগুলোকেও দীর্ঘমেয়াদি কর্মী তৈরির বিষয়টি বিবেচনা করতে হবে। জুনিয়র কর্মী নিয়োগ কমিয়ে দিলে ভবিষ্যতে অভিজ্ঞ কর্মীর সংকট তৈরি হতে পারে। তাই ইন্টার্নশিপ, শিক্ষানবিশ কর্মসূচি ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের মতো ব্যবস্থায় বিনিয়োগ করা জরুরি।
| উচ্চশিক্ষিত তরুণেরা তাঁদের যোগ্যতার সঙ্গে মানানসই চাকরি
খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। ____কৃষ্ণ শ্রীনিবাসন, পরিচালক, আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ |
আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন বলেছেন, উচ্চশিক্ষিত তরুণেরা তাঁদের যোগ্যতার সঙ্গে মানানসই চাকরি পেতে হিমশিম খাচ্ছেন। এআইয়ের আগেও বাংলাদেশের চাকরির বাজারে এই সমস্যা ছিল। নতুন প্রযুক্তির বিস্তারের কারণে বিষয়টি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তাহলে কি এআইয়ের কারণে নতুনদের প্রথম চাকরির সুযোগ হারিয়ে যাচ্ছে? এর চূড়ান্ত উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। তবে এআইয়ের প্রভাবে কাজের ধরন বদলাচ্ছে, কিছু পেশায় নিয়োগের চাহিদা কমছে এবং নতুন দক্ষতার প্রয়োজন তৈরি হচ্ছে। বাংলাদেশের মতো দেশে, যেখানে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান আগে থেকেই বড় চ্যালেঞ্জ, সেখানে এই পরিবর্তনকে গুরুত্ব না দেওয়ার সুযোগ নেই। কারণ প্রথম চাকরির সুযোগ কমে গেলে শুধু বর্তমানের কর্মসংস্থান নয়, ভবিষ্যতের দক্ষ ও অভিজ্ঞ কর্মী তৈরির পথও সংকুচিত হতে পারে।
রাকিবুল ইসলাম
রিসার্চার (ফিন্যান্স, ট্রেড ও কমার্স)

