আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা কমার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজে হামলার আশঙ্কা অব্যাহত থাকায় বুধবার তেলের দাম বেড়েছে। এর আগের দিন মঙ্গলবার দাম কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ১৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৫৩ সেন্টে দাঁড়ায়।
তেলের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা। ইরান যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে একের পর এক হামলার ঘটনা ঘটছে।
নতুন তথ্য অনুযায়ী, গত অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে মোট ৩৭টি জাহাজে হামলা হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এক মাসে এত বেশি জাহাজে হামলার ঘটনা আর ঘটেনি।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ১০ দিনেই আরও ১০টি হামলার ঘটনা ঘটেছে।
গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও যাচাই করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওগুলোতে ওমানের উপকূলের কাছে নেভিগেট৮ কোম্পানির একটি তেলবাহী জাহাজে আগুন জ্বলতে দেখা যায়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন নৌপথ ব্যবহার করায় রোববার তিনটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এর মধ্যে নেভিগেট৮ কোম্পানির জাহাজটিও রয়েছে।
এদিকে যুক্তরাজ্যের সমুদ্রবাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরও একটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে।
একই দিন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবিভাগ এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইন বা বিস্ফোরক যন্ত্রের সংস্পর্শে এসে আগুন ধরে যায়।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকেরাও।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের বিশ্লেষকেরা ১০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল দ্রুত ফিরে আসবে কি না, তা নিশ্চিত নয়।
তাঁদের মতে, নৌপথ থেকে সামুদ্রিক মাইন অপসারণ, জাহাজের বিমা খরচ এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জাহাজ পরিচালনায় মালিকদের আগ্রহের ওপর পরিস্থিতি স্বাভাবিক হওয়া নির্ভর করবে।
বিশ্লেষকেরা আরও জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা এখনো কমেনি। ফলে তেল পরিবহনে অনিশ্চয়তা রয়ে গেছে।
এর আগে মঙ্গলবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলারের বেশি কমেছিল। ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মন্তব্য করার পর বাজারে এই পতন দেখা যায়।
তবে দিনের পরবর্তী সময়ে দাম কিছুটা ঘুরে দাঁড়ায়। এর মধ্যেই ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে তেলের মজুত বেড়েছে ৯০ লাখ ব্যারেল।
সাধারণত মজুত বৃদ্ধির তথ্য তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করে। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত ও তেল পরিবহনের ঝুঁকি নিয়ে উদ্বেগ থাকায় বাজারে অনিশ্চয়তা কাটছে না।
এদিকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতাও কমেছে। শিল্প খাতসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে এসব হামলার ফলে দেশটির তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমে গেছে।
এর মধ্যেই যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা যুদ্ধ অবসানের লক্ষ্যে নতুন প্রচেষ্টা শুরু করেছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বৈঠক করেছেন। গত ফেব্রুয়ারির পর দুই দেশের মধ্যে এটিই প্রথম শান্তি আলোচনা।
তবে ইরান যুদ্ধের উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা রয়ে গেছে।

