বৃহস্পতিবার রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে প্রকল্পটির উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে তিনি বলেন, ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কানাডা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। তবে এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের বহুমুখীকরণ ও মান উন্নয়নের বিকল্প নেই।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের নেতৃত্বাধীন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করা জরুরি। লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ এবং সরাসরি বাজার সংযোগের মাধ্যমে প্রকল্পটি উদ্যোক্তাদের রপ্তানির প্রস্তুতি বাড়াতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ জানান, কানাডা সরকারের অর্থায়নে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৬টি উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় বিশ্বজুড়ে প্রায় ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে। তাঁদের মধ্যে ৬৭ শতাংশ নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্বাধীন বা মালিকানাধীন প্রতিষ্ঠানের উদ্যোক্তা। বাংলাদেশ থেকে প্রায় ২০০টি প্রতিষ্ঠান এ সুবিধা পাবে।
প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের রপ্তানির প্রস্তুতি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, অর্থায়নের সুযোগ এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হবে। পণ্যের মানোন্নয়ন, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নকশা ও উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং কানাডাসহ বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরিতেও সহায়তা করবে প্রকল্পটি।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, পাট খাতের অগ্রগতি থাকলেও পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে, লাইটক্যাসল পার্টনার্সের ওমর ফারহান খান বলেন, পাটজাত পণ্যে মূল্য সংযোজন ও নতুন পণ্য উদ্ভাবনের সুযোগ কাজে লাগাতে পারলে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের অর্থায়ন ও বাজারে প্রবেশের বাধাগুলোও উঠে আসে। বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান জানান, নারী উদ্যোক্তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ৪ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচি রয়েছে। এ কর্মসূচির আওতায় নির্ধারিত শর্তে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। তবে এ ধরনের সুবিধা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় অনেক উদ্যোক্তা তা কাজে লাগাতে পারছেন না। আলোচনায় নারী উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, পণ্যের সার্টিফিকেশন ও আন্তর্জাতিক মান পরিপালনের ব্যয় কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়ে ৩৪ কোটি ৬৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে কাঁচা পাট, পাটের সুতা ও অন্যান্য পণ্যের রপ্তানি বেড়েছে। এই প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন বাজার তৈরি ও পণ্যে মূল্য সংযোজনের ওপর গুরুত্ব দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা।

