বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ ও পেশাদার জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়লেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে নিয়োগদাতাদের চাহিদার মধ্যে ব্যবধান রয়েছে। এ ব্যবধান কমাতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বয় প্রয়োজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ আয়োজনে এক কর্মসূচিতে এসব কথা বলা হয়। পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থী ও স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব ড. নূরুন্নাহার চৌধুরী। তিনি বলেন, পর্যটনের সম্ভাবনাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে রূপ দিতে দক্ষ মানবসম্পদ তৈরি করা জরুরি। পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় স্নাতকদের কাজের সুযোগ শুধু হোটেল ও রিসোর্টে সীমাবদ্ধ নয়। বিমান চলাচল, ট্যুর পরিচালনা, ট্রাভেল এজেন্সি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, ডিজিটাল পর্যটন ও বিপণনেও তাঁদের কাজের সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে শিক্ষার্থীদের যোগাযোগ, বিদেশি ভাষা ও ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও পেশাগত নৈতিকতার ওপরও গুরুত্ব দিতে হবে। পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তরুণ উদ্যোক্তাদের সুযোগ তৈরির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পর্যটন খাতের উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারত্ব প্রয়োজন। এ খাতে পড়াশোনা করা অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের চাকরির সুযোগ সম্পর্কে যথেষ্ট জানেন না। অন্যদিকে, নিয়োগদাতাদের চাহিদার সঙ্গে স্নাতকদের দক্ষতারও ব্যবধান রয়েছে। শিক্ষার্থী ও সম্ভাব্য নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হলে এ সমস্যা কমানো সম্ভব।
আইএলওর ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, সাম্প্রতিক স্নাতক এবং শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং পছন্দের কর্মক্ষেত্র অনুযায়ী জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ ছিল। সরাসরি উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য অনলাইনে জীবনবৃত্তান্ত জমার ব্যবস্থাও রাখা হয়।
কর্মসূচিতে হোটেল ব্যবস্থাপনা, বিক্রয় ও বিপণন, খাদ্য ও পানীয় সেবা, ট্যুর পরিচালনা, টিকিটিং ও রিজার্ভেশন, বিমান পরিবহন এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের সুযোগ নিয়ে আলোচনা হয়। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, শেরাটন ঢাকা, ইউএস-বাংলা এয়ারলাইনস, দ্য বেঙ্গল ট্যুরস, সাবর ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা এসব আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, পর্যটন খাতে কাজের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো প্রয়োজন। ভাষাগত দক্ষতা, প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহকসেবার মান উন্নত করতে পারলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে এ খাতে নারীদের অংশগ্রহণ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে।

