২০২৬–২৭ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ১৮৬ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনীতি পুনরুদ্ধার এবং নীতিগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এ অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আগের অর্থবছরের তুলনায় এবার সহায়তার লক্ষ্যমাত্রা কম। ২০২৫–২৬ অর্থবছরে ২৭১ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়ার লক্ষ্য ছিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, এর আগের অর্থবছরগুলোতেও বাজেট সহায়তার পরিমাণে উল্লেখযোগ্য ওঠানামা ছিল।
নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রার মধ্যে সবচেয়ে বেশি ১০০ কোটি ডলার দেওয়ার কথা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি)। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৩৮ কোটি ডলার এবং বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাওয়ার প্রত্যাশা করছে সরকার। ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) থেকে ১০ কোটি ডলার এবং ফ্রান্সের উন্নয়ন সংস্থা এএফডি থেকে ৭ কোটি ৭০ লাখ ডলার সহায়তার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন বাজেট সহায়তা সুবিধা নিয়ে আলোচনা চলছে। তবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এবং ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এ অর্থবছরে বাজেট সহায়তা পাওয়ার কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখা হয়নি।
বাজেট সহায়তার লক্ষ্যমাত্রা কমে যাওয়াকে কীভাবে দেখা উচিত, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, বাজেট সহায়তার চাহিদা কমে আসা ইতিবাচক বা নেতিবাচক—কোনোটিই স্বয়ংক্রিয়ভাবে ধরে নেওয়া ঠিক হবে না। বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা, রাজস্ব আয় এবং চলমান অর্থনৈতিক সংস্কারের অগ্রগতির সঙ্গে বিষয়টি বিবেচনা করতে হবে। অন্যদিকে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ মনে করেন, বাজেট সহায়তার ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার একটি ইতিবাচক সংকেত হতে পারে। তবে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি দুর্বল থাকলে এবং অভ্যন্তরীণ রাজস্বের ওপর চাপ বাড়তে থাকলে বৈদেশিক বাজেট সহায়তা এখনো গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করবে।
এদিকে বাজেট সহায়তার পাশাপাশি সারের আমদানি নিশ্চিতে বিশ্বব্যাংকের কাছ থেকে ৫০ কোটি ডলারের ঋণ নিশ্চয়তা সুবিধা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে সার আমদানির অর্থায়নে ব্যাংকগুলোর ঋণ নিশ্চয়তা পাওয়া সহজ হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে পরিচালিত সার আমদানির জন্য একটি নতুন অর্থায়ন কাঠামোর প্রস্তাব করা হয়েছে। বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এবং বহুপক্ষীয় বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা (মিগা) এ কাঠামোয় সহায়তা দেবে। প্রাথমিক বাজার যাচাইয়ের পর পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঘূর্ণায়মান ঋণপত্র (এলসি) ও চলতি মূলধন সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে সার কেনা এবং আমদানির অর্থায়ন ব্যয় কমানোর সুযোগ তৈরি হতে পারে।
বিশ্বব্যাংকের কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্টের (সিইআরপি) আওতায় চলতি অর্থবছরে ৭১ কোটি ৩০ লাখ ডলার পেয়েছে সরকার। এ ব্যবস্থায় চলমান বা শেষ হওয়া প্রকল্পের অব্যবহৃত অর্থ জরুরি প্রয়োজনে দ্রুত অন্য খাতে ব্যবহারের সুযোগ রয়েছে। এ ছাড়া একই কাঠামোর অধীনে আরও ৩০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জরুরি পরিস্থিতিতে দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া ছাড়াই অর্থ ব্যবহারের সুযোগ তৈরি করাই এ ব্যবস্থার উদ্দেশ্য।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

