সার ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে কয়েকটি জেলায় প্রশ্ন উঠেছে। কোথাও প্রাথমিক তালিকায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন আবেদনকারী, কোথাও আবার গুদামের সক্ষমতা ও যোগ্যতা যাচাই নিয়ে আপত্তি উঠেছে। এসব অভিযোগের মধ্যে নিয়োগপ্রক্রিয়া পুনরায় পর্যালোচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রংপুর বিভাগের আট জেলায় ৫৩৬টি ইউনিয়ন ও ৩১টি পৌরসভায় মোট ৫৬৭টি ডিলারশিপ দেওয়া হয়েছে। গঙ্গাচড়া উপজেলায় বারবিল ও গঙ্গাচড়া সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার এবং সাধারণ সম্পাদক আয়ুব আলীর পরিবারের সদস্যরা ডিলারশিপ পেয়েছেন।
পীরগাছা উপজেলায়ও ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে নয়টি ইউনিয়নের মধ্যে সাতটিতে ডিলারশিপ পেতে অর্থ লেনদেনের অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের একাংশ। উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের স্ত্রীরা দুটি ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন। রাঙ্গা তার স্ত্রীর নিয়োগের বিষয়টি স্বীকার করলেও অন্য নিয়োগে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
রাজশাহীতে নতুন নিয়োগ পাওয়া ৮৫ জন ডিলারের বিষয়ে পর্যালোচনায় দেখা গেছে, তাদের বেশির ভাগ বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অথবা দলীয় নেতাদের পরিবারের সদস্য। তাদের মধ্যে একটি উপজেলার ছাত্রদলের আহ্বায়ক, এক বিএনপি নেতার ভাই এবং পৌর বিএনপির একজন সম্পাদক রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নের আবেদনকারী জিয়াউর রহমানের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তৈরি করা তালিকায় প্রথমে তার অবস্থান ছিল প্রথম। পরে তাকে তৃতীয় স্থানে নামিয়ে দেওয়া হয়। তার দাবি, তার গুদামটি ওই এলাকার মধ্যে সবচেয়ে ভালো হওয়া সত্ত্বেও এমন সিদ্ধান্তের কারণ তিনি জানতে পারেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেলে নিয়োগের তালিকা পুনর্বিবেচনা করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনেও ডিলার নিয়োগের ক্ষেত্রে গুদামের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই এলাকার সংসদ সদস্যের পরিবারের কয়েকজন সদস্য ডিলারশিপ পেয়েছেন। তাদের একজনের গুদাম হিসেবে সংসদ সদস্যের বাড়ির কাছে একটি পুরোনো ও পরিত্যক্ত চালকলের ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
এদিকে, নতুন নিয়োগ পাওয়া ডিলারদের ছয় মাস পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তার ভাষ্য, এ সময়ের মধ্যে যথাযথভাবে সার বিতরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিল করা হবে। অন্যদিকে, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, নিয়োগে সব অভিযোগ তদন্ত করা হবে এবং যাচাই-বাছাইয়ে অনিয়মের জন্য দায়ী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
সার ডিলার নিয়োগ নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ঠাকুরগাঁওয়ের উদাহরণ টেনে নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন। তার অভিযোগ, পছন্দের প্রার্থীকে ডিলারশিপ দিতে সংরক্ষিত আসনের কয়েকজন সংসদ সদস্য ডিও লেটার দিয়েছেন। তবে কৃষিমন্ত্রী ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ।
সার বিতরণব্যবস্থায় ডিলারদের ভূমিকা সরাসরি কৃষকের উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাই নিয়োগের তালিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং গুদাম ও সরবরাহ সক্ষমতা যাচাই করা জরুরি। শেষ পর্যন্ত ডিলার নিয়োগের মান যাচাই হবে কৃষকের কাছে সময়মতো ও সঠিকভাবে সার পৌঁছানোর সক্ষমতা দিয়ে।

