শিল্প, কারুশিল্প ও নাট্যচর্চাকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করার ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, ঠিকমতো বিকশিত করা গেলে সৃজনশীল খাত জিডিপিতে অন্তত ২ শতাংশ অবদান রাখতে পারবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ডিডি আর্ট গ্যালারিতে ৩৫ জন শিল্পীর যৌথ প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
গুলশান-১ এর ২৭ নম্বর সড়কে গ্যালারির নতুন ঠিকানায় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শনীটি উদ্বোধন করা হয়। এতে দেশের প্রতিষ্ঠিত ও উদীয়মান সমসাময়িক শিল্পীদের কাজ ঠাঁই পেয়েছে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম। এ ছাড়া শিল্পী, শিল্পসংগ্রাহক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, সৃজনশীল অর্থনীতি মানে কেবল অনুদান দেওয়া নয়। শিল্পী ও কারিগরদের কাজের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং দেশ-বিদেশের বাজারে তা বিক্রির সুযোগ তৈরি করাই আসল কথা। গ্রামীণ কারিগরদের কাঁচামাল কেনা, সহজ শর্তে ঋণ এবং নকশা ও ব্র্যান্ডিংয়ে সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথাও তিনি তোলেন। নাট্যচর্চার বিকাশে ঢাকায় একটি পূর্ণাঙ্গ নাট্যপল্লী গড়ে তোলার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
শিল্পী মনিরুল ইসলাম বলেন, দেশে শিল্পচর্চা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের শিল্পীরা এখন ভেনিস বিয়েনালের মতো আন্তর্জাতিক আসরেও অংশ নিচ্ছেন। তিনি স্মরণ করিয়ে দেন, ৫০ বছর আগে দেশে কোনো আর্ট গ্যালারিই ছিল না, অথচ এখন শুধু লালমাটিয়াতেই আটটি গ্যালারি আছে। সাধারণ মানুষের মধ্যেও চিত্রকর্ম ও ভাস্কর্য দেখার আগ্রহ বাড়ছে বলে মত দেন তিনি।
গ্যালারির প্রতিষ্ঠাতা ও কিউরেটর রিজওয়ান বিন ফারুক শিল্পকর্মের পেশাদার মূল্যায়নের কথা বলেন। শিল্পকর্ম বিক্রিতে মূলধনী মুনাফা কর অব্যাহতি এবং শিল্পী ও সৃজনশীল উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে সহজ শর্তে অর্থায়নের প্রস্তাবও তিনি দেন। তিনি বলেন, শিল্প শুধু সংস্কৃতির বিষয় নয়, এটি পুঁজি, কর্মসংস্থান, রপ্তানি ও জাতীয় সম্পদেরও অংশ।
আয়োজকেরা জানান, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ডিডি আর্ট গ্যালারি গুলশান-১ এ স্থায়ী গ্যালারি ও অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে নতুন যাত্রা শুরু করেছে। প্রদর্শনী আয়োজন, শিল্পকর্ম বিক্রি, সংগ্রহ ও নিলামের জন্য পেশাদার প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং দেশি-বিদেশি সংগ্রাহকদের সঙ্গে বাংলাদেশের শিল্পীদের যোগাযোগ ঘটানোই এর লক্ষ্য।

